উত্তর দিনাজপুরে টাকা বিলাচ্ছে তৃণমূল প্রার্থী - ভিডিও প্রকাশ করে অভিযোগ বিজেপির
আবার টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ। এবার উত্তর দিনাজপুরে। এর আগেও এমন অভিযোগ শোনা গেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল, আর তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজনৈতিক মহলে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক তৃণমূল নেতার হাতে ৫০০ টাকার নোটের বান্ডিল এবং তিনি বাইক নিয়ে আসা সমর্থকদের হাতে একটি করে নোট তুলে দিচ্ছেন। স্থানীয় সূত্রের খবর, ভিডিয়োতে যে ব্যক্তিকে টাকা বিলি করতে দেখা যাচ্ছে, তাঁর নাম মান্নান আলি। অভিযোগ, তিনি নিজেই এই ভিডিয়োটি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছিলেন। যদিও বিতর্ক দানা বাঁধতেই পরবর্তীতে সেই পোস্টটি মুছে ফেলা হয়েছে। আশাকরা যায় কমিশন বিষয়টি খতিয়ে দেখবেন।
জানা গিয়েছে, গতকাল চোপড়ায় তৃণমূল প্রার্থী হামিদুল রহমানের উপস্থিতিতে তাঁরই এলাকায় একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিয়োটি সেই মিছিল শুরুর আগের মুহূর্তের বলেই দাবি করা হচ্ছে। ভোটের আগে এ ধরনের ছবি প্রকাশ্যে আসায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চোপড়ার বিজেপি নেতা সোমনাথ সিংহ বলেন, “প্রার্থী টাকার বিনিময়ে জনগণকে মিটিংয়ে আনতে হচ্ছে। ওদের সংগঠন শেষ হয়ে গিয়েছে। ওনার কাছে আর জনগণ নেই।”
