এক নজরে শুভেন্দু - কি বললেন মা গায়ত্রী দেবী
বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ লড়াইয়ের পরে আজ তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে। কিন্তু তার সেই লড়াই ছিল বেশ কঠিন। কিন্তু শুভেন্দু হাল ছাড়েন নি। চালিয়ে গেছেন লড়াই। ছোটবেলা থেকে শান্তশিষ্ট, চুপচাপ, মায়ের কাছে দু-একটা বায়নাক্কা থাকলেও না মিটলে কোনও নালিশ ছিল না। একেবারে সুবোধ বালক বলতে যা বোঝায়, তেমনই ছিলেন আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই ছেলে কলেজ জীবনে রাজনীতির টানে ঘরদোর ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকেই শুরু হয়েছিল দীর্ঘ সংগ্রাম। কলেজের জিএস, পৌরসভার কাউন্সিলর হয়ে বিধায়ক, সাংসদ – সর্বস্তরের জনপ্রতিনিধি পদে নিজের দক্ষতা প্রমাণ করে আজ তিনি বাংলার প্রশাসনিক প্রধান। এমন সুদিনে ছেলেকে নিয়ে আবেগে ভাসলেন মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)। তাঁর মনে পড়ে যাচ্ছে ছোট শুভেন্দুর বায়না, ঘরের এককোণে মুখ গুঁজে নিজের কাজ করার দিনগুলো।
বাবা, প্রবীণ রাজনীতিক শিশির অধিকারীও আজ বেশ আবেগপ্রবণ। তবে ছেলেকে তিনি মনে করিয়ে দিলেন কর্তব্যের কথাও। কাঁথির ‘শান্তিকুঞ্জ’ আগাগোড়া এক রাজনৈতিক বাড়ি। শিশির অধিকারীর মতো প্রাজ্ঞ রাজনীতিবিদের কাছে বাড়ির ছেলেদের রাজনীতিতে হাতেখড়ি। মা গায়ত্রীদেবী জানাচ্ছেন, ‘‘ছোটবেলা থেকেই চুপচাপ থাকত, নিজের মতো থাকত। কলেজ যাওয়ার পর থেকে রাজনীতিতে পা রাখে। বাবার থেকেই অবশ্য এটা পেয়েছিল। বাড়িতে বাবা আর ভাইদের সঙ্গে আলোচনা করত। রাজনীতির জন্য কোথায় না কোথায় গেছে! যেখানে কেউ যায় না, সেখানে ও একাই চলে গেছে। ওর বাবাও তাই করত। কতবার ওকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। তিন, চারবার আঘাত করেছে। সেসব থেকে ও বেঁচে ফিরেছে।” এসবের পাশাপাশি শুভেন্দুর বাগান-বিলাসের কথাও শোনালেন মা। বললেন, ‘‘বিকেল হলেই ও শাবল, বালতি নিয়ে চলে যেত বাড়ির সামনের বাগানে। লাউ, কুমড়ো, বেগুন, লঙ্কাগাছ লাগিয়েছে। ছাদের বাগানে কত বড় বড় স্থলপদ্ম হয়েছে। সবই ওর যত্নে।”
