আন্তর্জাতিক
গত ১২ বছর ধরে তিনি রয়েছেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। রাষ্ট্রপ্রধান হিসাবে একের পর এক দেশে সফর করেছেন। সেসব দেশে বিরাট সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। বর্তমানে পাঁচ দেশের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার রাতে তিনি পা রেখেছেন সুইডেনে। সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’-এ সম্মানিত হয়েছেন প্রধানমন্ত্রী। এটি তাঁর ৩১তম আন্তর্জাতিক সম্মান। গত ১০ বছরে একাধিক দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদি। শুরুটা হয়েছিল ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ সাশ’-এর মাধ্যমে। সে বছরই আফগানিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গাজী আমির আমানুল্লাহ খান’ পান।
তার দু'বছর পর ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ সম্মান তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। পরের বছর অর্থাৎ ২০১৯ সালে মালদ্বীপ সরকার ‘অর্ডার অফ নিশান ইজ্জুদ্দিন’ সম্মানে ভূষিত করে মোদিকে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। একই দিনে বাহরাইনের ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’ সম্মান পান তিনি। ২০১৯ সালেই রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান 'অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল' পান মোদি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মান তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। পরের বছর মার্কিন যুক্তরাষ্ট্র ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মানে ভূষিত করে ভারতের প্রধানমন্ত্রীকে।