আজকের আবহাওয়া
আজও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। সকালের দিকে মেঘলা পরিবেশ। তাপমাত্রা অনেকটাই কম। এবার আবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর। তার জেরেই আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ (South Bengal Weather) দুই জায়গাতেই বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস।
আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে ঝড়ের দাপট বেশি থাকতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মঙ্গলবার থেকে। ১৩ মে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা নেমে গিয়েছে কলকাতার। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। আপাতত কলকাতাতেও চলবে মেঘ-বৃষ্টির খেলা।
অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েকদিন আবহাওয়া অপরিবর্তিত থাকবে। ১০ ও ১১ মে উত্তরের উপরের ৫টি জেলায় হাল্কা বৃষ্টি হলেও ১২ মে থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
