বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে ‘খুন’ করতে পারলে ১ লাখ টাকা পুরস্কার - জঙ্গল মহলে এমন পোস্টার
যখন বিজেপি সরকার নিজেকে ঠিক মতো গুছিয়ে নিচ্ছে ঠিক তখনই বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে খুনের হুমকি।
সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে ‘খুন’ করতে পারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার মিলল পুরুলিয়ায়। সম্প্রতি কোটশিলা থানা এলাকায় ওই পোস্টার উদ্ধার হয়েছে বলে পুরুলিয়া জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে। বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নামে এই খুনের পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলের এই জেলায়। রাজ্য সরকারের ‘বুলডোজার অপারেশন’ নিয়ে পুরুলিয়ার সাংসদকে নিশানা করে ওই পোস্টার রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুরুলিয়ার সাংসদ পুলিশ সুপারকে লিখিতভাবে অভিযোগ জানান।
সন্দেহজনক চরমপন্থী- নকশালপন্থী পোস্টার বলে উল্লেখ করে তদন্ত ও পদক্ষেপ নেওয়ার কথা বলেন সাংসদ।অতীতে এই জেলা মাও উপদ্রুত ছিল। কিন্তু বর্তমান সময়ে এই জেলায় মাওবাদীদের কোন কার্যকলাপ নেই। যে পোস্টারটি উদ্ধার হয়েছে তা সাদা কাগজের উপর নীল কালিতে লেখা। সাধারণভাবে সিপিআই (মাওবাদী) পোস্টার গুলি সাদা কাগজের উপর লাল কালিতে লেখা হয়। পোস্টারের নিচে তাদের পার্টির নাম লেখা থাকে। কিন্তু এ ক্ষেত্রে সাদা কাগজের উপর নীল কালিতে লেখা ওই পোস্টারের নিচে কোন নাম নেই। মানভুঁইয়া ভাষায় ওই পোস্টার লেখা। পোস্টারের বয়ান, ”যবে থেকে বিজেপি সরকার এসেছে কারো জীবনে শান্তি নাই, পুরুলিয়ায় যেভাবে ঘর ভাঙছে তাতে জ্যোতির্ময়কে মারা উচিৎ।” ওই পোস্টারে মাঝিডি এবং খৈরি মোড় বলে দুটি এলাকার নাম লেখা রয়েছে। ওই পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ”যদি ভাঙে তাহলে আর ঘুরে ঘর যাতে পারবেক নাই।”