হলদিয়া শিল্পাচালকে আবার সচল করতে উঠেপরে লেগেছে নতুন সরকার
বছর ২৫ আগে বহু আশা নিয়ে গড়ে উঠেছিল হলদিয়া শিল্পাচল। বাম আমলে ঠিকঠাক চলছিল। কিন্তু মমতা সরকার প্রায় সব শেষ করে দিয়েছে ওই শিল্পাচলকে। আবার নতুন করে শুরু করার উদ্যোগ নিয়েছে শুভেন্দু সরকার। হলদিয়া উন্নয়ন পর্ষদের স্পেশাল ড্রাইভ শুরু। পূর্ব মেদিনীপুরের হলদিয়া। গা ঘেঁষে বয়ে গিয়েছে হলদি নদী। এই নদীর পাড়েই শিল্পাঞ্চল। হলদিয়া শিল্পাঞ্চল। একের পর এক কারখানা। স্থানীয়দের দাবি, এই কারখানাগুলির বেশিরভাগই তৈরি হয়েছে বছর তিরিশ আগে। তৃণমূল জমানায় শুধুমাত্র ঝাঁপ পড়েছে। নতুন শিল্প কার্যত আসেনি। রাজ্যে পালাবদলের পর এবার হলদিয়ায় দিনবদলের তোড়জোড়। হলদি নদীর তিরে শিল্পে গতি আনতে তাই তৎপরতা শুরু। সৌজন্যে হলদিয়া উন্নয়ন পর্ষদ। বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ ড্রাইভ শুরু করেছে তারা।
হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নিরঞ্জন কুমার বলেন, ‘‘এইচডিএ-র কাছে আবেদন এসেছে এইচপিসিএলের থেকে। ওনারা জমি চাইছেন ইন্ডাস্ট্রির জন্য। ডেটা সেন্টার করতে চাইছেন। তার জন্য জমি চাইছেন। আলোচনা করে জমি দেব।’’হলদিয়া বন্দরকে কেন্দ্র করে শিল্পাঞ্চল। কিন্তু পলি জমে নাব্যতা কমেছে হলদি নদীর ৷ এর জেরে হলদিয়া বন্দরে জাহাজ যাতায়াতে সমস্যা রয়েছে। স্থানীয়দের দাবি, তৃণমূল জমানায় শিল্পাঞ্চলের উন্নয়নের কাজ থমকে ছিল। অভিযোগ হলদিয়া উন্নয়ন পর্ষদকে কার্যত অকেজো করে রাখা হয়েছিল। পালাবদলের পর হলদিয়া উন্নয়ন পর্ষদকে ফের সক্রিয় করা হয়েছে। চেয়ারম্যান করা হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমারকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো বৃহস্পতিবার বৈঠকে বসেন তিনি।