আন্তর্জাতিক
আমেরিকার পর এবার ব্রিটেনের রোষে ভারতীয় নাবিকরা! বিলেতে গ্রেপ্তার জাহাজের ক্যাপ্টেন
কয়েকদিন আগে মার্কিন হামলায় মৃত্যু হয়েছে তিনজন ভারতীয় নাবিকের। এবার ভারতীয় নাবিক পড়লেন ব্রিটেনের রোষে। জানা গিয়েছে, ইংলিশ চ্যানেল পার হওয়ার সময়ে তেলবাহী ওই জাহাজটিকে আটক করা হয়। সেই সঙ্গে হেফাজতে নেওয়া হয় জাহাজের ক্যাপ্টেন অজয় পন্থকে। দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে তাঁর। কবে মুক্তি পাবেন অজয়, সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত। জানা গিয়েছে, রুশ তেলবাহী জাহাজটি রাশিয়া থেকে ইংলিশ চ্যানেল পেরিয়ে ভারতের দিকে রওনা দিয়েছিল। যেহেতু রুশ তেলের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেকারণেই ব্রিটিশ জলসীমায় প্রবেশ করা মাত্র জাহাজটিকে আটক করা হয়।
গত ১৪ জুন থেকে ব্রিটিশদের হেফাজতে রয়েছেন অজয়। কিন্তু আশ্চর্যজনকভাবে, তাঁর পরিবারের কাউকে এই গ্রেপ্তারি নিয়ে কিছু জানানো হয়নি। নৈনিতালের বাসিন্দা অজয়ের স্ত্রী ঋতু বলেন, সোশাল মিডিয়া থেকে গোটা বিষয়টির খবর পেয়েছেন তাঁরা। উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিব শৈলেশ বাগুলি জানিয়েছেন, কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছেন তাঁরা। অজয়কে যেন দ্রুত মুক্তি দেওয়া হয়, সেই ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বিদেশমন্ত্রককে। সূত্রের খবর, ব্রিটিশ হাইকমিশনকে কনসুলার অ্যাক্সেস দেওয়া হয়েছে অজয় ইস্যুতে। তিনি ছাড়াও ২৪ জন নাবিক ছিলেন আটক হওয়া জাহাজটিতে। তাঁদের মধ্যে অধিকাংশই ভারতীয়। তবে এই নাবিকদের আটক করা হয়নি। ঋতুর কথায়, অজয় স্রেফ কর্তাদের নির্দেশ পালন করছিলেন। সেই নির্দেশ মেনেই জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাঁর দোষ নেই।