Type Here to Get Search Results !

২০ কোটি টাকা দেওয়ার হুমকি ফোন এলো রোহিত শেট্টির কাছে

 বিনোদন 


২০ কোটি টাকা দেওয়ার হুমকি ফোন এলো রোহিত শেট্টির কাছে 



  রোহিত শেট্টির বাস্তব জীবনটাই যেন এখন টানটান থ্রিলার ছবির চিত্রনাট্য! ফের একবার খুনের হুমকি দেওয়া হল বলিউডের এই তারকা পরিচালককে। এবার আর কোনও উড়ো চিঠি নয়, সরাসরি ফোন এল তাঁর অফিসে। ফোনের ওপার থেকে সাফ জানিয়ে দেওয়া হল, প্রাণে বাঁচতে হলে দিতে হবে ২০ কোটি টাকা! আর এই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার সকাল থেকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ের টিনসেল টাউনে। মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার এই ধরণের হুমকি আসায় স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ রোহিতের অনুরাগী থেকে শুরু করে গোটা বলিপাড়ার। ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, শনিবার, ২৭ জুন সকালে রোহিত শেট্টির জুহুর অফিসে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হুট করেই ২০ কোটি টাকা দাবি করে বসেন। শুধু তাই নয়, ওই বিপুল অঙ্কের টাকা না দিলে পরিচালককে নির্মমভাবে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। 


  ফোনে এই চরম বার্তা পাওয়ার পরেই আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি রোহিতের অফিসের প্রতিনিধিরা। তাঁরা তড়িঘড়ি মুম্বই পুলিশের দ্বারস্থ হন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার নেপথ্যে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত থাকতে পারে। প্রযুক্তিগত তথ্য ও ফোন কলের লোকেশন ট্র্যাক করে অপরাধীকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন সাইবার সেলের আধিকারিকরা। প্রসঙ্গত, রোহিত শেট্টির কাছে এই ধরণের হুমকি নতুন কিছু নয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তাঁর জুহুর বাড়ির বাইরে আচমকা গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই সময়েও বিষ্ণোই গ্যাংয়ের নাম করে রোহিত এবং অভিনেতা রণবীর সিংহকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করে ১৫ জনকে গ্রেফতারও করেছিল। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই ফের এই নতুন ধাক্কা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.