অফবিট
বাড়ির আবর্জনায় মিলল ঠাকুরদার ২০ বছরের পুরনো ব্যাঙ্কের পাসবুক, অ্যাকাউন্টে কত টাকা রাখা জানেন?
বাড়ি পরিষ্কার করতে গিয়ে আবর্জনার স্তূপ থেকে ঠাকুরদার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র ২০ বছরেরও বেশি পুরনো একটি পাসবুক খুঁজে পেলেন এক যুবক। ঘটনাটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, পরে জানা যায়, পাসবুকটি যুবকের প্রয়াত ঠাকুরদার এবং ওই অ্যাকাউন্টে ১ লক্ষ টাকারও বেশি সঞ্চিত থাকতে পারে। সমাজমাধ্যম এক্স-এ পূজা নামে এক তরুণী এই ঘটনার স্ক্রিনশট শেয়ার করে জানান, ঘর পরিষ্কারের মতো সাধারণ একটি ঘটনাই পরিবারের জন্য বড় আর্থিক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। পাসবুকটি দেখে প্রথমে সেটি প্রায় ২০ থেকে ২৪ বছরের পুরনো বলে মনে হয়। যুবক সেটি বাবার হাতে তুলে দিলে তিনি জানান, পরিবার দীর্ঘদিন ধরেই এই পাসবুকটি খুঁজছিল।
পাসবুকে চার সংখ্যার একটি পুরনো অ্যাকাউন্ট নম্বর এবং ২০০৩ সালের লেনদেনের তথ্যও দেখা যায়। ঘটনার পর সমাজমাধ্যমে প্রশ্ন ওঠে, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা এসবিআই অ্যাকাউন্ট থেকে এখনও কি টাকা দাবি করা সম্ভব? আবার অ্যাকাউন্টধারী প্রয়াত হলে তাঁর আইনি উত্তরাধিকারীরা কি সেই অর্থের দাবিদার হতে পারেন? এই প্রশ্নের জবাবে বহু ব্যবহারকারী জানান, বছরের পর বছর লেনদেন না হলেও অ্যাকাউন্টের টাকা হারিয়ে যায় না। প্রথমে রিজার্ভ ব্যাঙ্কের ‘উদ্গম’ পোর্টালে অ্যাকাউন্টের তথ্য যাচাই করার পরামর্শ দেন অনেকে। পাশাপাশি মূল পাসবুক, অ্যাকাউন্টধারীর মৃত্যুর শংসাপত্র এবং আইনি উত্তরাধিকারীর প্রমাণপত্র নিয়ে সংশ্লিষ্ট এসবিআই শাখায় যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।