নেপাল আবার জ্বলছে - হিংসায় বলি ৩
আবার পাহাড়ই দেশ নেপাল জ্বলছে প্রতিবাদ ও প্রতিরোধে। সুনসারি জেলায় শুরু হওয়া হিংসা ছড়িয়ে পড়েছে দেশের একাধিক এলাকায়। অবস্থা এতটাই বেগতিক যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে কারফিউ জারি করেছে প্রশাসন। সেনা মোতায়েন করা হয়েছে। টানা চার দিনের অশান্তিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। জখম কয়েক ডজন মানুষ। এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন সেই দেশের প্রধানমন্ত্রী বালেন শাহ। এই সপ্তাহের শুরুতে সুনসারি জেলার দেবাঙ্গঞ্জ এলাকায় দুই সম্প্রদায়ের সংঘর্ষের জেরে হিংসার সূত্রপাত হয়। পরে তা মধেশ প্রদেশের ধনুষা ও সিরাহা-সহ একাধিক জেলায় ছড়িয়ে পড়ে। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। জখমদের মধ্যে সাধারণ মানুষ, বিক্ষোভকারী এবং নিরাপত্তারক্ষীরাও রয়েছেন। পুলিশের গুলি ও সংঘর্ষে বহু মানুষ জখম হয়েছেন।
হিংসার জেরে বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর, পাথর ছোড়া এবং নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একাধিক গাড়ি, দোকান এবং ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় প্রশাসন স্পর্শকাতর এলাকায় কড়া বিধিনিষেধ জারি করেছে। প্রথমে সুনসারিতেই হিংসা শুরু হলেও পরে তা পার্শ্ববর্তী জেলাগুলিতে ছড়িয়ে পড়ে। এরপর ইনারুয়া, জনকপুর, সিরাহা, গোলবাজার এবং লাহান-সহ একাধিক শহরে কারফিউ জারি করা হয়। ধনুষা জেলার লক্ষ্মিনিয়া হাটবাজার, বেলাউনি রোড, নগরাইন পৌরসভা, দুধমতি সেতু এবং জনকপুরের কয়েকটি এলাকাতেও কারফিউ বলবৎ রয়েছে। সিরাহার গোলবাজার এলাকায়ও পূর্ব-পশ্চিম মহাসড়ক সংলগ্ন অঞ্চলে একই ধরনের বিধিনিষেধ জারি করা হয়েছে।
