আন্তর্জাতিক
গ্রীনল্যান্ড নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো ডেনমার্ক
না, কোন কারণেই গ্রিনল্যান্ড বিক্রি হবে না - ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিলো ডেনমার্ক। গ্রিনল্যান্ড দখলে নাছোড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে ন্যাটো সম্মেলনে যোগ দিতে গিয়েছেন তিনি। সেখানেও তাঁর মুখে গ্রিনল্যান্ড প্রসঙ্গ। তাঁর দাবি, ডেনমার্ক দ্বীপটিতে পর্যাপ্ত বিনিয়োগ করেনি। তাই বিশ্বের বৃহত্তম দ্বীপের নিয়ন্ত্রণ থাকা উচিত মার্কিনভূমেরই হাতে। ট্রাম্পের এহেন দাবিকে খারিজ করে দিয়েছে ডেনমার্ক। সেদেশের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয়। ফ্রেডেরিকসেনকে বলতে শোনা গিয়েছে, “গ্রিনল্যান্ড অবশ্যই বিক্রির জন্য নয়। আমরা আশা করি মিত্র দেশগুলি-সহ সকলেই গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানাবে। আমরা সার্বভৌম রাষ্ট্র এবং আমরা চাই সবাই আমাদের ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করুক।”
গ্রিনল্যান্ড দখলে বহুদিন ধরেই আগ্রাসী মার্কিন প্রেসিডেন্ট। জাতীয় সুরক্ষার স্বার্থে পৃথিবীর বৃহত্তম দ্বীপটিকে আমেরিকার দরকার বলে বারবার দাবি করেছেন তিনি। মাসকয়েক আগে গ্রিনল্যান্ডে ‘গোল্ডেন ডোম’ নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। কিন্তু এর তীব্র বিরোধিতা করে কানাডা। এরপরই ফুঁসে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজমাধ্যম ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘গ্রিনল্যান্ডে দ্য গোল্ডেন ডোম প্রকল্পের বিরোধিতা করেছে কানাডা। অথচ এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কানাডাকেও রক্ষা করবে। শুধু তাই নয়, কানাডা চিনের সঙ্গে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে। চিন প্রথম বছরের মধ্যেই তাদের গিলে ফেলবে!’