বিনোদন
মৃত্যুর আগে হেমাকে ধর্মেন্দ্র যা বলে গিয়েছিলেন
হেমা মালিনী এবং ধর্মেন্দ্রের রুপোলি পর্দার প্রেম যেমন ইতিহাস, তেমনই তাঁদের বাস্তব জীবনের রসায়নও ছিল চর্চার কেন্দ্রবিন্দু। গত বছর অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণের পর হেমার জীবনে যে মস্ত বড় শূন্যতা তৈরি হয়েছে, তা তিনি বারবার অকপটে স্বীকার করেছেন। জীবনসঙ্গী চলে গেলেও তাঁর স্মৃতি আর আদর্শকে আঁকড়েই এখন দিন কাটছে ‘ড্রিম গার্ল’-এর। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর স্মৃতিচারণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। সেই সঙ্গেই ফাঁস করেন, মৃত্যুর আগে সন্তানদের নিয়ে ধর্মেন্দ্র তাঁকে ঠিক কী পরামর্শ দিয়ে গিয়েছিলেন?সাক্ষাৎকারে হেমা আক্ষেপের সুরে জানান, ব্যস্ততার কারণে ব্যক্তিগত জীবনে দু’জনের একসঙ্গে সেভাবে কখনও ঘুরতে যাওয়াই হয়ে ওঠেনি। আর সেই খামতি মেটাতেই নাকি তাঁরা ব্যাক-টু-ব্যাক ছবিতে একসঙ্গে কাজ করতেন, যাতে শুটিংয়ের বাহানায় অন্তত কিছুটা বাড়তি সময় পাশাপাশি কাটানো যায়।
ধর্মেন্দ্রর অনুপস্থিতি আজও মেনে নিতে পারেন না হেমা। তাঁর কথায়, “উনি যে আর নেই, এটা আমি এখনও বিশ্বাস করতে পারি না। এখন শুধু ওঁর সঙ্গে পরপারে আবার দেখা হওয়ার অপেক্ষা করছি।” ধর্মেন্দ্র বেঁচে থাকাকালীন তাঁর প্রথম পক্ষের দুই সন্তান— সানি দেওল ও ববি দেওলের সঙ্গে হেমার সমীকরণ কেমন, তা নিয়ে বলিপাড়ায় কৌতূহলের শেষ ছিল না। অভিনেতার মৃত্যুর পর সেই চর্চা আরও বাড়ে। গুঞ্জন রটেছিল, ধর্মেন্দ্রর প্রয়াণের পর দুই পরিবারের দূরত্ব নাকি আরও চওড়া হয়েছে। তবে এই সমস্ত জল্পনায় জল ঢেলে হেমা জানান, ধর্মেন্দ্র সবসময় সানি ও ববিকে নিয়ে চিন্তিত থাকতেন এবং পরিবারকে একসূত্রে বেঁধে রাখার কথা বলতেন।
