আজ তারা মন্ডলের সামনে ভিড় জমাবে মমতা ভক্তরা
অনেক টানা পোড়েনের পরে অবশেষে মমতা তৃণমূল শহীদ দিবস পালনের অনুমতি পেয়েছে বিড়লা তারামন্ডলের কাছে। প্রস্তুতি শেষ। দেখেই বোঝা যাচ্ছে অনেক ছোট করে অনুষ্ঠান করা হচ্ছে। সোমবার বিকেলের পর তারামণ্ডলের একুশের সভাস্থল ঘুরে দেখলেন নেত্রী। তাঁদের সভা, মিছিল করতে দেওয়া হচ্ছে না। যারা দূরদূরান্ত থেকে কলকাতার সভায় যোগ দিতে আসছেন, তাঁদের থাকার জায়গাও দেওয়া হচ্ছে না! এমনই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই নিয়ে কালীঘাটপন্থী তৃণমূলের দায়ের করা মামলার শুনানি হয়েছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। ধর্মতলায় সভা করা যাবে না জানিয়ে রাজ্যের কাছে বিকল্প জায়গা জানতে চেয়েছিল আদালত। আদি তৃণমূলও বিকল্প জায়গার প্রস্তাব দেয়। তার মধ্যে তারামণ্ডলও ছিল। তারপরই বিচারপতি তারামণ্ডলের সামনে সমাবেশ করার অনুমতি দেন।
বিচারপতির নির্দেশ, একধারে মিটিং হবে। অন্য ধারে গাড়ি চলাচল করবে। দুপুর ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত সভা করা যাবে। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে হবে। আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় তা দেখবে পুলিশ। ১৮ জুলাই ৪টের মধ্যে আয়োজকদের নাম ও মোবাইল নম্বর জয়েন্ট সিপি হেড কোয়ার্টারকে জানাতে হবে বলে জানিয়েছে আদালত। রবিবার থেকেই সভাস্থল ঘুরে দেখছেন কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। এদিকে সোমবার দুপুর থেকে মুষলধারায় বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টিতে মঞ্চের কাঠের পাটাতন ভিজে একসা। বিকেলের পর সভাস্থল ঘুরে দেখতে তারামণ্ডল চত্বরে গেলেন মমতা। তাঁর সঙ্গে কালীঘাট পন্থী অন্যান্য নেতারাও থাকেন। সমস্ত বিষয় খতিয়ে দেখেন নেত্রী। দোলা, কুণালদের সঙ্গে কথাও বলেন মমতা।