বিনোদন
অরিজিৎ সিং যা করলেন তা মনে রাখার মতো
সব শিল্পী ভক্তদের সমান গুরুত্ব দেয় না। অরিজিৎ এই ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি ভক্তদের খুবই ভালোবাসেন। আকাশছোঁয়া সাফল্য, বিশ্বজোড়া খ্যাতি—তবুও মাটির মানুষ। জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং তাঁর ভক্তদের কাছে কেন ‘ভগবান’, তা তিনি বারবার প্রমাণ করে দেন নিজের আচরণে। অনাড়ম্বর জীবনযাপন আর সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার সহজাত ক্ষমতার জন্য তিনি বারবার খবরের শিরোনামে আসেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক মন ভালো করা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা অরিজিৎ ভক্তদের চোখে জল এনে দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, উপচে পড়া ভিড়ের মাঝে মঞ্চে পারফর্ম করছেন অরিজিৎ। গান গাইতে গাইতেই হঠাৎ তাঁর নজর যায় দূর সীমানায় দাঁড়িয়ে থাকা এক অনুরাগীর দিকে, যাঁর হাতে ছিল একটি প্ল্যাকার্ড। কিন্তু দূরত্বের কারণে লেখাটি স্পষ্ট পড়তে পারছিলেন না অরিজিৎ। গান থামিয়েই চোখের সামনে হাত দুটিকে দূরবীনের মতো করে ইশারায় বোঝানোর চেষ্টা করেন যে, কিছুই দেখা যাচ্ছে না।
কিন্তু ভক্তের মনের কথা না পড়ে কি থাকা যায়? গায়ক সোজা চলে যান স্টেজের একধারে। সামনে থাকা দর্শকদের থেকে চেয়ে নেন একটি মোবাইল ফোন। এরপর সেই ফোনের ক্যামেরা অন করে, জুম করে অবশেষে পড়ে ফেলেন সেই দূর প্রান্তের ভক্তের মনের আকুতি। প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘My Dream Is To Sing With Arijit Singh’ (আমার স্বপ্ন অরিজিৎ সিংয়ের সঙ্গে গান গাওয়া)। প্ল্যাকার্ডের লেখা পড়েই আর এক মুহূর্ত দেরি করেননি অরিজিৎ। মাইক হাতে নিয়েই সেই যুবকের উদ্দেশে প্রশ্ন করেন, “কোন গান? কোন গান গাইতে চাও তুমি? যে কোনও গান? এই গানটা গাইবে? তাহলে আসো।”ব্যস, ইশারায় সেই ভক্তকে সোজা মঞ্চের সামনে ডেকে নেন গায়ক। এরপর দুজনে মিলে গলা মেলান ‘ডানকি’ ছবির জনপ্রিয় গান ‘ও মাহি’-তে। প্রিয় তারকার সঙ্গে এভাবে গান গাওয়ার সুযোগ পেয়ে স্বভাবতই আপ্লুত সেই যুবক। আর গায়কের এই মিষ্টি ও মানবিক রূপের ভিডিয়োই এখন নেট দুনিয়ার হট কেক।