বিনোদন
টলিউডের তারকারা কোন ২১ জুলাইয়ের মঞ্চে যাবেন? চিন্তিত অনেকেই
তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের মঞ্চে এক সময়ে টলিপাড়া থেকে উপস্থিত থাকতেন অনেকেই। কিন্তু এই বছর কালীঘাট তৃণমূলের ২১শে জুলাই আর ঋতব্রত (বন্দ্যোপাধ্যায়) তৃণমূলের ২১শে জুলাইয়ের মধ্যে টক্করের সম্ভাবনা প্রবল। সেই পরিস্থিতিতে টলিপাড়ার কেউ কি উপস্থিত থাকবেন ২১শে জুলাইয়ের মঞ্চে। অভিনেতা বনি সেনগুপ্ত কি থাকবেন কোনও দিকে? তিনি জানালেন, ”শেষ কয়েক বছরও আমি উপস্থিত ছিলাম না ২১শে জুলাইয়ের মঞ্চে।” অভিনেতা ভরত কলকে দেখা গিয়েছিল ২১শে জুলাইয়ের মঞ্চে। তিনি বললেন, ‘‘প্রথমেই বলি, আমার বাড়ি কংগ্রেসের সমর্থক। তবে কংগ্রেস থেকে বেরিয়ে আসা লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগের সঙ্গে একাত্মবোধ করে, তাঁর পাশে থেকেছি। কিন্তু সক্রিয় রাজনীতিতে কোনওদিন থাকিনি, থাকতে চাইনি। অভিনয়ের কাজটাই মন দিয়ে করি। এখনও তাই করছি। তবে এবার কোনওদিকেই নেই। ঠিক করেছি, রাজনীতির মঞ্চ থেকে দূরেই থাকব, বরাবরের মতো। এটা বলব, ২১শে জুলাই তারিখটা কেন, কী কারণে গুরুত্বপূর্ণ, সেই ইতিহাস যেন আমরা না ভুলি।”
সবুজ শিবিরের বিধায়ক পদের জন্য লড়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন, এমন ঘোষণা করেননি। তাই ২১শে জুলাইয়ের মঞ্চে থাকবেন কিনা, জানার জন্য যোগাযোগ করলেও, উত্তর পাওয়া যায়নি। অভিনেতা সোহেল দত্ত জানান, আউটডোর শুটিংয়ে বাইরে রয়েছেন। এই ব্যাপারে তাঁর ভাবনা জানা যায়নি। সায়নী ঘোষ এখন এনসিপিআই-এর সাংসদ। তাই তিনি তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের মঞ্চে যাবেন, এরকম খবর নেই। আগের বছর পরিচালক রাজ চক্রবর্তীকে দেখা গিয়েছিল ২১শে জুলাইয়ের মঞ্চে। তবে এবার তিনি থাকছেন না, কারণ ঘোষণা করে দিয়েছেন রাজনীতির থেকে দূরে থাকবেন।অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে এর আগে দেখা গিয়েছে ২১শে জুলাইয়ের মঞ্চে। শ্রীতমা জানালেন, ”এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত। একটু সময় চেয়ে নিচ্ছি, এই বিষয়ে কথা বলার জন্য”।