Type Here to Get Search Results !

সোহমের কাছে বকেয়া চেয়ে নিগৃহীত রাজকাপুর, বেহালা থানায় অভিযোগ কাঠমিস্ত্রির

 বিনোদন 


সোহমের কাছে বকেয়া চেয়ে নিগৃহীত রাজকাপুর, বেহালা থানায় অভিযোগ কাঠমিস্ত্রির



  ফের বিতর্কে অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। এ বার অভিযোগ, বকেয়া পারিশ্রমিক চাইতে গেলে এক ছুতোরকে মারধর করেছেন তিনি। ওই ব্যক্তিকে দিয়ে সোহম একটি আলমারি বানিয়ে পুরো পারিশ্রমিক দেননি। বকেয়া চাইতে গেলে তাঁকে মারধর করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার রাতে এ নিয়ে বেহালা থানায় নালিশ ঠোকেন কাঠমিস্ত্রি রাজকাপুর শর্মা। যদিও এ নিয়ে সোহমের প্রতিক্রিয়া জানতে তাঁকে ফোন করা হলেও রিসিভ করেননি, উত্তর মেলেনি মোবাইলে পাঠানো বার্তার। অভিযোগপত্রে রাজকাপুর জানান, ১২ মে আলমারির কাজ পান তিনি। ৫৫ হাজার টাকার মধ্যে ৩০ হাজার অগ্রিম দেওয়া হয় তাঁকে। চুক্তি ছিল, ৭০ শতাংশ কাজ শেষের পরে আরও দু’টি আলমারি বানিয়ে দেবেন তিনি এবং সেই কাজও শেষের পথে। অথচ এখনও তাঁর বকেয়া মেটানো হয়নি। 


  উল্টে তা চাইলে অভিনেতা খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ, ফোনেও কথা বলা যায়নি তাঁর সঙ্গে। রবিবার সোহমের এক নিরাপত্তারক্ষী রাজকাপুরকে ফোন করে পরদিন প্রাক্তন বিধায়কের বাড়িতে যেতে বলেন। সোমবার তিনি গেলেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়, টাকা চাইলে গালিগালাজ ও শারীরিক ভাবে নিগ্রহ করে মোবাইল ফোন কেড়ে নিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ। এটাই অবশ্য প্রথম নয়। কলকাতা থেকে বালুরঘাট — প্রতারণার একাধিক অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সোহমের বিরুদ্ধে। হুগলির আরামবাগের ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম গত ২৯ জুলাই কলকাতার চারু মার্কেট থানায় তাঁর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেন। তার আগের মাসে অন্য এক ব্যবসায়ী ওই থানাতেই সোহমের বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা নিয়েও ছবি না করার এবং টাকা ফেরত চাইলে বিধায়ক পরিচয়ে ভয় দেখানোর অভিযোগ দায়ের করেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা, প্রযোজক তরুণ দাস বালুরঘাট থানায় সোহমের বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ জানান গত ২১ মে। বছর খানেক আগে নিউ টাউনে এক রেস্তোরাঁ–মালিকের সঙ্গে বচসা ও মারামারিতে জড়িয়ে পড়েন অভিনেতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.