এবার প্রাক্তন বিধায়কদের মন কাড়ার চেষ্টা শুভেন্দুর - পেনশন প্রায় ডবল হতে চলেছে
একথা ঠিক এই রাজ্যে প্রাক্তন বিধায়কদের পেনশন খুবই কম। তা নিয়ে তাদের ক্ষোভ দীর্ঘদিনের। এবার তাদের মন জয় করতে উঠেপরে লেগেছে শুভেন্দু সরকার। একধাক্কায় বিধায়কদের পেনশনের অঙ্কটা প্রায় দ্বিগুণ হতে চলেছে। আসলে এতদিন পর্যন্ত রাজ্যের প্রাক্তন বিধায়করা নামমাত্র পেনশন পেতেন। সেই টাকায় সংসার চালাতে হিমশিম অবস্থা বহু বিধায়কের। সেকারণেই একধাক্কায় পেনশনের অঙ্কটা অনেকটা বাড়াচ্ছে রাজ্য। মহারাষ্ট্রে প্রাক্তন বিধায়কদের পেনশন ৫০ থেকে ৭০ হাজার, ঝাড়খণ্ডে ৪০ থেকে ৭৫ হাজার, উত্তরাখণ্ড ও কর্নাটকেও সম পরিমাণ অর্থ মেলে পেনশন বাবদ। সেখানে বাংলায় প্রাক্তন বিধায়কদের পেনশন এখনও মাত্র ৮ থেকে ১২ হাজার টাকা। এর সঙ্গে যোগ হয় মাসিক ৬ হাজার টাকা মেডিক্যাল ভাতা। সাকুল্যে অঙ্কটা দাঁড়ায় ১৪ হাজার থেকে ১৮ হাজার টাকা।
এই পেনশন বৃদ্ধির দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় থেকেই দাবি জানিয়ে আসছিলেন প্রাক্তন বিধায়করা। কিন্তু কর্ণপাত করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী। এমনকী বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন প্রাক্তন বিধায়কদের পেনশনের অঙ্ক বাড়ানোর বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়কে খতিয়ে দেখার অনুরোধ করেছিলেন। তাতেও লাভ হয়নি। সরকার বদল হতেই পেনশন বৃদ্ধির দাবিতে নতুন মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের দ্বারস্থ হন প্রাক্তন বিধায়করা। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধায়কদের সেই দাবি মেনে নিয়ে প্রাক্তন বিধায়কের পেনশনের অঙ্কটা প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।