আকাশ জয়ে আরো একধাপ এগিয়ে গেলো ভারত
ওড়িশার চাঁদিপুর থেকে আবার ভারত সফল উৎক্ষেপন করলো অগ্নি ৪। এই মুহূর্তে আকাশ যুদ্ধে ভারত বিশ্বের এক অন্যতম রাষ্ট্র। যখন ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান, চিন, বাংলাদেশ তখন এই অগ্নি ৪ খুবই উপযোগী। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “৬ আগস্ট ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৪’-এর পরীক্ষা সফল হয়েছে।” যোগ করা হয়েছে, “এই উৎক্ষেপণটি সমস্ত পরিচালনগত ও কারিগরি মানদণ্ডকে যাচাই করেছে। পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল।” অগ্নি ৪-এর ওজন প্রায় ১৭ টন। দৈর্ঘ্য প্রায় ২০ মিটার। সলিড ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য দ্রুত প্রস্তুত করা যায়। এতে আধুনিক নির্দেশিকা ব্যবস্থা, কম্পোজিট রকেট মোটর এবং উন্নত নেভিগেশন প্রযুক্তি রয়েছে।
প্রসঙ্গত অগ্নি ৪ এর সমস্ত প্রযুক্তি ভারতের নিজস্ব। এখানে অন্য কোনো দেশের সাহায্য নেই। এটা 'আত্মনির্ভর ভারত' এর একটা পদক্ষেপ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজকের সফল পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির সমস্ত প্রযুক্তিগত দিক সঠিকভাবে কাজ করেছে। এই পরীক্ষা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত অগ্নি সিরিজের বিভিন্ন সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে। যা চিন, পাকিস্তানের মতো শত্রু দেশগুলির জন্য অস্বস্তির।
