"আমাদের তেরঙ্গা আমাদের স্বাধীনতার প্রতীক। ”- রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু
৮০ তম স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি সামগ্রিক ভাবে দেশ ও জাতির আগ্রগতির কথা বলেন। এদিন তাঁর ভাষণ শুরুর আগে ‘বন্দে মাতরম’ ও ‘জন গণ মন’ বেজে ওঠে। এরপর বক্তব্য রাখতে শুরু করে তিনি বলেন, ”ভারতকে সর্বশ্রেষ্ঠ করতে হবে, তবেই স্বাধীনতা স্বার্থক।” এদিন তাঁর ভাষণে উঠে আসে প্রশ্নফাঁস থেকে অপারেশন সিঁদুর, নানা প্রসঙ্গ। তিনি মনে করিয়ে দেন, সমাজের সর্বস্তরের উন্নয়ন না হলে বিকশিত ভারত হবে না। এদিন রাষ্ট্রপতির ভাষণের আগে আগ্রহ ছিল, সাম্প্রতিক সময়ের জ্বলন্ত ইস্যুগুলি যেমন নিট প্রশ্নফাঁস, যন্তর মন্তরে বিক্ষোভ ইত্যাদি নিয়ে তিনি কী বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি বলেন, ”পড়ুয়াদের ভবিষ্যতের সুরক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।” জানান, পরীক্ষা ব্য়বস্থায় সংস্কার প্রয়োজন। দেশের তরুণ প্রজন্মের যেন শিক্ষাব্যবস্থায় ভরসা থাকে। তাঁর সার্বিক আহ্বান, ”মানুষের কথা শুনতে হবে। কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন।”
সেই সঙ্গেই রাষ্ট্রপতি বলেন, ”আমাদের তেরঙ্গা আমাদের স্বাধীনতার প্রতীক। ভারতকে সর্বশ্রেষ্ঠ করতে হবে, তাহলেই স্বাধীনতা স্বার্থক।” মনে করিয়ে দেন, ”অন্নদাতা, ছাত্ররা, শিল্পীরা সমাজসেবীরা, সাফাই মিত্ররা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।” সেনা, পুলিশের কর্মদক্ষতার প্রশংসাও করেন তিনি। প্রশংসিত হন প্রবাসী ভারতীয়রা। তিনি বলেন, ‘মিশন ২০৪৭’-এর কথাও। ‘বিকশিত ভারত’ গড়ার ডাক দেন রাষ্ট্রপতি। এদিন বিভাজন বিভীষিকা দিবস। সেই প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ”১৪ আগস্ট বিভাজন বিভীষিকা দিবস। দেশভাগের যন্ত্রণা লক্ষ লক্ষ মানুষ সহ্য করেছেন। তবুও তাঁরা নিজেদের শিকড় ভোলেননি।”