"জেলের বাইরের ঝকঝকে মানুষগুলো থেকে জেলের ভিতরের মানুষগুলো অনেক ভালো" - রিয়া চক্রবর্তী
অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ২৮ দিনের জেল জীবনের অভিজ্ঞতা তিনি শেয়ার করলেন। রিয়া চক্রবর্তী। নামটা শুনলেই ২০২০ সালের সেই তোলপাড় করা ঘটনাগুলোর কথা মনে পড়ে যায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদককাণ্ডে জড়িয়ে ২৮ দিন জেলে কাটাতে হয়েছিল তাঁকে। দীর্ঘ সময় পর সেই অন্ধকার দিনগুলো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তাঁর মতে, জেলের বাইরের ঝকঝকে জগতের থেকে জেলের ভেতরের মানুষগুলো নাকি অনেক বেশি ভালো! সম্প্রতি ইউটিউবার তন্ময় ভাটের শো-তে এসে নিজের জীবনের এই কঠিন সময় নিয়ে মন খুলে কথা বলেন রিয়া। তিনি জানান, জেলের পরিবেশ নিয়ে তিনি আগে যা ভেবেছিলেন, বাস্তবটা তার থেকে একদম আলাদা। অভিনেত্রীর কথায়, “আমার মনে হয় জেলের বাইরের থেকে জেলের ভেতরের মানুষ অনেক বেশি ভালো। সেখানে বিচারাধীন বন্দিদের মধ্যে বেশিরভাগ মহিলাই নির্দোষ। জেলের ভেতরে কোনও উঁচু-নিচু ভেদাভেদ নেই। সবার পরিচয় একটাই, সবাই সেখানে একটা নম্বর মাত্র। কারও আলাদা কোনও নাম নেই।”
জেলের ভেতরের বেশ কিছু মজার স্মৃতিও সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। রিয়া জানান, সময় কাটাতে জেলের মহিলারা একসঙ্গে গান গাইতেন, নাচতেন। এমনকি মহারাষ্ট্রের বিখ্যাত ঝাল খাবার ‘ঠেচা’-ও বানাতেন তাঁরা। জেলের খাবার নিয়ে মজা করতেও ছাড়েননি রিয়া। হাসতে হাসতে বলেন, “সেখানে তো সুশি, শ্যাম্পেন, বড়া পাও আর চাট পাওয়া যেত!” তিনি আরও জানান, এই পুরো অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখছেন তিনি। মজার ছলে বইটির নামও ঠিক করে ফেলেছেন, ‘চুড়েল কা বদলা’ বা ডাইনির প্রতিশোধ। এমনটা তিনি কখনও ভাবেননি যে জেলের অভিজ্ঞতা এতটা অন্যরকম হবে।