পুজো মিটতেই কলকাতা কর্পোরেশন ও হাওড়া পুরসভায় ভোট হওয়ার সম্ভাবনা
কথায় বলে, লোহা গরম থাকতেই তাতে আঘাত করো। এই মুহূর্তে বাংলা অনেকটাই বিজেপি মুখী। তাই তাপ থাকতে থাতেই নির্বাচন সেরে নাও। সেই থিওরি থেকেই বিজেপি কলকাতা ও হাওড়া পৌরসভার নির্বাচন সেরে নিতে চাইছে। পুজো মিটতেই কলকাতা কর্পোরেশন ও হাওড়া পুরসভায় ভোট হওয়ার সম্ভাবনা। সেই লক্ষ্যেই এগোচ্ছে বিজেপি। দুই পুরসভা নিজেদের দখলে আনতে আটঘাট বেঁধে নামতে চায় গেরুয়া শিবির। সেই হিসেবে বিজেপি কলকাতা কর্পোরেশনের ভোটের ইনচার্জের দায়িত্ব দেওয়া হল সুকান্ত মজুমদারকে। হাওড়া পুরসভার ভোটের ইনচার্জ হিসেবে দায়িত্ব পেলেন বর্ষীয়ান বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাজ্যে বিধানসভা ভোটে বড় জয় পেয়েছে বিজেপি। বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে গেরুয়া শিবির। এবার পুরভোটের দিকে নজর দিয়েছে বঙ্গ বিজেপি। কলকাতা ও হাওড়া পুরভোটকে পাখির চোখ করছে বিজেপি নেতৃত্ব।
আগামী দিনে রাজ্যের অন্যান্য পুরসভাতেও জয় পেতে নীল নকশা শুরু করে দিয়েছেন নেতৃত্ব। সেই আবহেই এবার বড় পদক্ষেপ বিজেপির। দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা কর্পোরেশন ভোটে বিজেপির ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। সহ-ইনচার্জ পদে রাখা হয়েছে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে। আহ্বায়ক হিসেবে থাকছেন তাপস রায়। সহ-আহ্বায়ক হিসেবে তাপস রায়কে সাহায্য করবেন রিতেশ তিওয়ারি। হাওড়া পুরসভায় ভোটের ইনচার্জ হিসেবে দলের তরফে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয়কুমার সিংকে। পুরভোট নিয়ে আজ, মঙ্গলবার সকালে বিজেপির সল্টলেক অফিসে বৈঠক হয়। পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল বিজেপি বিধায়ক ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়