বিনোদন
নতুন নয়, একদম পুরোনো জুটি নতুন করে আসছে পর্দায়
হ্যাঁ, আমরা বলছিলাম প্রভাস রায় ও কবীর সুমনের কথা। আবার একসঙ্গে তাঁরা কাজে নেমে পড়েছেন। পরিচালক প্রভাত রায় বহুদিন পর আবার ক্যামেরার পিছনে ‘অ্যাকশন’ আর ‘কাট’ নিয়ে ফিরছেন। এই স্বল্পদৈর্ঘ্যের ছবির নাম ‘বলাই’। বহুদিন অসুস্থতা ও একাকিত্বের জীবন কাটিয়েছেন তিনি। সেই জায়গা থেকে তাঁকে বের করে আবার পরিচালকের আসনে বসিয়েছেন তাঁর মানসকন্যা একতা ভট্টাচার্য।
এই ছবি তৈরির গল্প ইতিমধ্যেই সকলের জানা। তবে নতুন খবর হল, এই ছবির জন্য সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সঙ্গীতশিল্পী ও সুরকার কবীর সুমন। বহু বছর পর আবার এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। বহু বছর আগে প্রভাত রায় তাঁর ছবি ‘সেদিন চৈত্রমাস’-এ কবীর সুমনকে এই সিনেমার সঙ্গীত করার সুযোগ দিয়েছিলেন। বহু বছরি পর আবার এই দু’জন একসঙ্গে একটি প্রজেক্টে কাজ করছেন।
এই বিষয়ে পরিচালক প্রভাত রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “বহু বছর আগে ‘সেদিন চৈত্রমাস’ ছবিতে কবীর সুমন সুর করেছিল। আমার খুব পছন্দ হয়েছিল। যেরকম চাই, ঠিক সেরকমভাবেই কাজটা করে দেয়। ‘বলাই’ ছবির জন্য যখন সুরকার খুঁজছি, তখন একতাকে কবীরের কথা বলি। একতাই ব্যবস্থা করে দেয়। আমি বিশ্বাস করি, ‘বলাই’-এর জন্য কবীর সবথেকে ভালো সঙ্গীত করবে। আগামী ২০ অগস্ট আমাদের ছবির গানের রেকর্ড করা হবে।” এই ছবির সঙ্গীত করার বিষয়ে কবীর সুমনের সঙ্গে কথা বললে তিনি বলেন,“প্রভাত রায় আমার বহুদিনের বন্ধু। প্রভাত আমায় সিনেমার গান তৈরির সুযোগ দিয়েছিলেন। সেই ছবির নাম ‘সেদিন চৈত্রমাস’। এটা অনেক বড় বিষয়। যদি কাউকে প্রথম সুযোগ না দেয়, সে কী করবে, বলুন তো! এছাড়াও সুর তৈরির ক্ষেত্রে তিনি যে স্বাধীনতা দিয়েছিলেন, সেটা ভাবাই যায় না। এই ছবির জন্য আমি যাঁদের দিয়ে গাওয়াতে চেয়েছিলাম, তাতেও তিনি আপত্তি করেননি, যেটা চাইলেই করতে পারতেন। আমার সেই কাজে লোপামুদ্রা মিত্র, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত ও নচিকেতাকেও প্রথম সুযোগ দিয়েছিলেন। আজ তাঁরা অনেক বিখ্যাত, নিশ্চয়ই তাঁরাও মনে রেখেছেন। প্রভাত আমার থেকে কিছুটা বড় হলেও আমার বন্ধু মানুষ। প্রভাত আমায় কাজ দিয়েছিলেন শুধু নয়, কাজ শিখিয়েছিলেন।"