Type Here to Get Search Results !

এবার অক্ষয় কুমারের সঙ্গে 'সামুক' ছবিতে রুক্মিণী

 বিনোদন 


এবার অক্ষয় কুমারের সঙ্গে 'সামুক' ছবিতে রুক্মিণী




  ইদানিং রুক্মিণী মৈত্র টালিগঞ্জে যতটা ব্যস্ত তার থেকে বেশি ব্যস্ত মুম্বাইয়ে। মায়ানগরীতে জোর জল্পনা, বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের পরবর্তী মেগা প্রজেক্টে দেখা যেতে পারে তাঁকে। সূত্রের খবর, অক্ষয় কুমারের আগামী অ্যাকশন সায়েন্স-ফিকশন ঘরানার ছবি ‘সামুক’ (Samuk)-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে টলিপাড়ার এই প্রথম সারির অভিনেত্রীর কাছে। প্রযোজনা সংস্থা বা অভিনেত্রীর তরফে এখনও সিলমোহর না পড়লেও, বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে প্রাথমিক কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। বেশ কিছু দিন ধরেই বড়পর্দায় সে ভাবে দেখা মিলছিল না অভিনেত্রীর। গত বছর ‘হাঁটি হাঁটি পা পা’ মুক্তির পর বাংলা ছবিতে দীর্ঘ বিরতি নিয়েছেন তিনি। এমনকী টলিপাড়া ছেড়ে আজকাল তিনি মুম্বইতেই বেশি সময় কাটাচ্ছেন। শোনা যাচ্ছে, পাকাপাকি ভাবেই নাকি মুম্বইয়ে ঘাঁটি গড়ার পরিকল্পনা করছেন অভিনেত্রী। 


  তার মধ্যেই এই মেগা প্রজেক্টের খবর সামনে এল। এর মাঝে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবির কাজও তিনি শেষ করেছেন, তবে বড় পর্দায় তাঁর এই নতুন পদক্ষেপ অন্য মাত্রা যোগ করতে চলেছে। প্রসঙ্গত হিন্দি ছবিতে কাজ রুক্মিণীর জন্য নতুন নয়। ২০২১ সালে বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘সনক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। ঘটনাচক্রে, সেই ছবির পরিচালক ছিলেন কণিষ্ক বর্মা। আর অক্ষয় কুমারের এই নতুন ছবিটির পরিচালনাতেও রয়েছেন সেই কণিষ্ক বর্মাই। প্রযোজনায় বিপুল শাহ। সূত্রের খবর, পরিচালকের সঙ্গে পুরনো কাজের সমীকরণ এবং অভিজ্ঞতাই নতুন এই ছবির ক্ষেত্রে রুক্মিণীর নাম ভাবার অন্যতম কারণ। সম্পূর্ণ আন্তর্জাতিক মানে তৈরি হচ্ছে ছবিটি। এলিয়েন ও সাই-ফাই অ্যাকশন ধাঁচের এই ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে লন্ডনে। তবে অক্ষয়ের বিপরীতে রুক্মিণীর চরিত্রটি ঠিক কেমন হবে, তা এখনও পুরোপুরি গোপনেই রাখা হয়েছে। রুক্মিণীর ঘনিষ্ঠ মহল থেকেও এখনই স্পষ্ট কোনও মন্তব্য মেলেনি। এখন দেখার, অক্ষয় কুমারের মতো মেগা তারকার সঙ্গে রুক্মিণীর এই নতুন সমীকরণের আনুষ্ঠানিক ঘোষণা কবে আসে। কবেই বা মুক্তি পায় ছবিটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.