গেরুয়া উত্তরীয় পরে বিজেপির মঞ্চে উঠতেই ক্লোজড ওসি
আগের সরকারের আমলে এমন ঘটনা অনেক হয়েছে। বিতর্ক হয়েছে। কিন্তু পুলিশ কর্মী ক্লোজড হয় নি। নতুন সরকারের সময় এটা নতুন পদক্ষেপ। রাজনৈতিক দলের কর্মসূচিতে পুলিশের উপস্থিতি নিয়ে জোর বিতর্ক বারাসতের বামনগাছিতে। শুধু উপস্থিতি নয়, বিজেপি নেতার হাত থেকে গেরুয়া উত্তরীয় গ্রহণও করলেন পুলিশকর্তা! সেই ছবি ভাইরাল হতেই বিতর্ক দানা বাঁধে। এই বিতর্কের আবহে দল-মত না দেখেই পদক্ষেপ করল পুলিশ প্রশাসন। বামনগাছি ফাঁড়ির বিতর্কিত ওসি সুজিত দে’কে সরিয়ে দেওয়া হল বর্তমান দায়িত্ব থেকে। তাঁকে পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় বারাসতে একটি বিজেপি কার্যালয় উদ্বোধনে ঘটনার সূত্রপাত। ৪ নম্বর মণ্ডলের ৫ নম্বর বুথের ওই কর্মসূচিতে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বামনগাছি ফাঁড়ির ওসি সুজিত দে। তবে সাধারণ পোশাকে নয়, পুলিশের উর্দিতেই সেখানে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানের মধ্যেই বিজেপির স্থানীয় বুথ সভাপতি তাঁর গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন।
হাসিমুখে সেই সংবর্ধনা গ্রহণ করেন ফাঁড়ির ওসি। সেই মুহূর্তের ছবি ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। রাজনৈতিক দলের কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিকের এমন উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নজরে আসার পর বিজেপির ওই অনু্ষ্ঠানে ওসি সুজিত দে’র ভূমিকা খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার। ছবি ও সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের পর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। বামনগাছি ফাঁড়ির ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রশাসনে গৈরিকীকরণ অথবা দলদাসে পরিণত হওয়া থেকে বারবার রুখে দেওয়ার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর গলায়। তাঁদের সাফ বার্তা, দলমত নির্বিশেষে অন্যায়ের শাস্তি হবেই। দলের কেউ কোনও অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলেও রেয়াত করা হবে না।