আদালত এবার মহুয়ার পাশেই দাঁড়ালেন
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার এলাকায় গেলেই একদল বিজেপি কর্ম তাকে লক্ষ্য করে ডিম, টমেটো, ঢিল ছুঁড়ছে - যা কখনো রাজনীতির অঙ্গ হতে পারে না। নেতৃত্বের গোপন নির্দেশে সারা রাজ্য জুড়ে এইভাবেই বিরোধীদের হেনস্থা করা হচ্ছে। সাংসদ মহুয়ার বিরুদ্ধে একাধিকবার এই কাজ করা হয়েছে। এবার আদালত মহুয়ার পাশে। মঙ্গলবারও চাপড়ায় মহুয়া মৈত্রের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ, কালো পতাকা নিয়ে পথ অবরোধ করা হয়। এদিনই মহুয়াকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, মহুয়া যখনই তাঁর লোকসভা কেন্দ্রে প্রবেশ করবেন, তখন তাঁর সঙ্গে দু’জন পুলিশকর্মী মোতায়েন করতে হবে, যাতে তাঁকে কোনও ভাবে হয়রানি বা সমস্যার মুখে পড়তে না হয়।
তবে এই পুলিশি নিরাপত্তা আগামী ৩০ দিনের জন্যই দেওয়া হবে। আগামী ১ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। বিচারপতি উল্লেখ করেন, মহুয়া কোন কোন তারিখে নিজের লোকসভা কেন্দ্রে যাবেন, সেই তারিখগুলি আগে থেকে পুলিশকে জানাতে হবে। সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা হবে। মঙ্গলবার মহুয়া মৈত্রের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, নিজের লোকসভা কেন্দ্রে গেলে বিক্ষোভ দেখানো হচ্ছে। তিনি বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোলমাল করা হচ্ছে। ফলে সাংসদ সাধারণ মানুষের কাজ করতে পারছেন না।” আইনজীবী কল্যাণের সওয়াল, “নিজের কেন্দ্রে গেলেই ডিম, আলু, পাথর ছোড়া হচ্ছে। সম্প্রতি তৃণমূল ছেড়ে অন্য দলে গিয়েছেন এমন সাংসদদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। আর আমাদের উপর আক্রমণ করা হচ্ছে।”