মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি রাস্তায় নেমে কাজ করছেন - জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল
অগ্নিমিত্রা পাল ও শ্বারদ্বত মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দপ্তরে বসে কাজ করার নির্দেশ দিয়েছেন এমন একটা খবর সংবাদ মাধ্যমে ছড়িয়েছে। সেই খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা। বৃহস্পতিবার আসানসোলে এসে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাফ জানান, এটি সম্পূর্ণ অপপ্রচার। এমন কোনও কথা মুখ্যমন্ত্রী বলেননি বলেও দাবি তাঁর। পাশাপাশি অগ্নিমিত্রার দাবি, তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করে চলেছেন। আগামী দিনেও তিনি একইভাবে কাজ করবেন বলেও জানান । এদিন আসানসোলে অগ্নিমিত্রা বলেন, "বলা হচ্ছে মুখ্যমন্ত্রী আমাকে এবং স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়কে বলেছেন, সেটা সম্পূর্ণ ভুল। সেটা রাতে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকেও বলে দেওয়া হয়েছে ৷ সংবাদমাধ্যমে, সোশাল মিডিয়াতেও তা দেওয়া হয়েছে। অপপ্রচারের চেষ্টা চলছে।"
রাস্তায় নেমে সক্রিয়ভাবে কাজ করা নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, "আমরা ফিল্ড ওয়ার্ক করছি কারণ সেটা করা দরকার। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। আজ পুলিশ, প্রশাসন, নগরোন্নয়নের আধিকারিকদের নিয়ে রাস্তা পরিষ্কার রাখতে হবে। আমি জানি এই 50 বছরের বদভ্যাস ঠিক করতে বলছি। তা করতে হবে।" নিজের সিদ্ধান্তে অনড় থেকেই অগ্নিমিত্রা বলেন, "ফুটপাতে গাড়ি রাখা যাবে না। পুলিশ মার্কিং করে দিচ্ছে, কোথায় আপনি পার্কিং করবেন। কিন্তু ফুটপাতে গাড়ি-মোটরসাইকেল রাখবেন না। তার সঙ্গেই বিভিন্ন জায়গায় ডাস্টবিন বসানো হবে। বাথরুম তৈরি করার চেষ্টা করছি। শহর নোংরা করবেন না।"