অমিত শাহের বাড়িতে প্রতিবাদ পত্র দিয়ে আসলেন সাংসদ সৌগত রায়
রাজ্যে তৃণমূলের নেতা, বিধায়ক, মন্ত্রীদের যেখানের দেখা যাচ্ছে সখানেই ছোঁড়া হচ্ছে ডিম, টমেটো আর শ্লোগান দেওয়া হচ্ছে 'চোর চোর'। গত ১৮ আগস্ট তাই করা হয়েছিল প্রবীণ সাংসদ সৌগত রায়ের সঙ্গে। সেই নিয়েই প্রতিবাদ পত্র। সম্প্রতিই কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে দেখে ‘চোর-চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। কালো পতাকাও দেখানো হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই নিরাপত্তা চাইলেন সৌগত রায়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছিলেন সৌগত রায়। প্রধানমন্ত্রীর দফতর ছাড়া কোনও জায়গা থেকেই প্রাপ্তি স্বীকারের চিঠি আসেনি। এবার স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কাছে চিঠি পাঠালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।
এই বিষয়ে সৌগত রায় বলেন, “গত ১৮ অগস্ট আমার উপরে হামলা হয়েছিল কলকাতা বিমানবন্দরে। আমি সেখানে এয়ারপোর্ট অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান হিসাবে গিয়েছিলাম। এই নিয়ে আমি পুলিশে এফআইআর করেছি। অধ্যক্ষকে চিঠি দিয়েছিলাম। অসামরিক উড়ান মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। একমাত্র প্রধানমন্ত্রী প্রাপ্তিস্বীকার করেছেন। আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গিয়ে চিঠি দিয়ে এলাম। আমার এলাকার মধ্যে কাজ করতে যাতে আমায় নিরাপত্তা দেওয়া হোক, সেই আবেদন জানালাম। জানি না কী হবে। গণতান্ত্রিক উপায়ে আমরা প্রতিবাদ করছি, করব।”