Type Here to Get Search Results !

মাটির দেওয়াল ধসে বাঁকুড়ায় মৃত্যু ৩ জনের

 মাটির দেওয়াল ধসে বাঁকুড়ায় মৃত্যু ৩ জনের 



  টানা বৃষ্টিতে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেলো বাঁকুড়ার সোনামুখী থানা অঞ্চলে ও কুশতোড়া গ্রামে । ঘটনাটি ঘটে মঙ্গলবার মধ্যেরাতে। টানা বৃষ্টির জেরে বাঁকুড়ায় দু’টি পৃথক ঘটনায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল মোট ৩ জনের। ৩ জনেই রাতে নিজেদের বাড়িতে ঘুমোচ্ছিলেন। সেই সময় বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। গতকাল রাতে সোনামুখী থানা এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়। অন্যদিকে, রাতেই সিমলাপালের কুশতোড়া গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক দম্পতির। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোনামুখী থানার কুন্ডপুষ্করিনী গ্রামে ছেলে ও পুত্রবধূর সঙ্গে মাটির বাড়িতে থাকতেন বেলি রুইদাস নামের এক বৃদ্ধা। গতকাল রাতে ব্যাপক বৃষ্টির জেরে বাড়ির দেওয়াল নড়বড়ে হয়ে পড়ে। বিপদ বুঝে বাড়ি থেকে বেরিয়ে আসেন দম্পতি। কিন্তু বাড়ি থেকে বের করা যায়নি বৃদ্ধাকে। এরপর চোখের নিমেষে মাটির দেওয়ালটি বৃদ্ধার উপরে পড়ে যায়। এর জেরে মৃত্যু হয় ৭৬ বছর বয়সি ওই বৃদ্ধার। 


  পরিবারের দাবি, বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ মিললেও সেই টাকায় কাজ শেষ হয়নি। তাই মাটির বাড়িতেই থাকছিলেন পরিবারের ৩ সদস্য। মঙ্গলবার রাতে সেই বাড়ির দেওয়াল ভেঙে পড়েই মৃত্যু হল বৃদ্ধার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে সিমলাপালের কুশতোড়া গ্রামের আদিবাসী পাড়ায় থাকতেন এক দম্পতি। মঙ্গলবার রাতে সেই বাড়িতেই ঘুমোচ্ছিলেন তাঁরা। টানা বৃষ্টির জেরে মাটির দেওয়াল ভেঙে চাপা পড়েন পালকু বাস্কে ও সোমা বাস্কে। বুধবার বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরাই তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় সিমলাপাল থানায়। পুলিশের তরফে দু’জনকেই সিমলাপাল ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করেছে পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.