বিগবসে আজ প্রসেনজিৎ - জমে উঠবে খেলা
এমনিতেই বিগবস বাংলা সিজন ৩ বেশ জমে গেছে। হাসি, নাচ, গান, ঠাট্টা, তামাশা এমনকি ঝগড়া - সব মিলিয়ে জমে উঠেছে বিগবস। আর তারমধ্যে আজকে আসছেন প্রসেনজিৎ। শোনা যাচ্ছে, রবিবাসসীয় রাতে দাদার দরবারে হতে চলেছে মহাধামাকা। সূত্রের খবর বিগ বসের বাড়িতে উপস্থিত থাকতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 'বিগ বস’ সৌরভের পাশে টলিউডের জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই দৃশ্য সত্যিই বাস্তবায়িত হচ্ছে কিনা তা জানতে রবিবার রাত সাড়ে ন’টা পর্যন্ত একটু ধৈর্য তো ধরতেই হবে। জানা যাচ্ছে, রবিবার বিগ বস থেকে কেউ ছিটকে যাচ্ছেন না। সম্ভবত, প্রসেনজিতের আগমনের জন্যই এহেন সিদ্ধান্ত বিগ বসের। সবমিলিয়ে বলাই যায়, রবিবার বিগ বসে জোড়া চমক। বিগ বস মানেই বিনোদনের আঁতুরঘর। প্রসেনজিতের উপস্থিতিতে বিনোদনের পারদ চড়চড়িয়ে বাড়বে সে কথা বলার অবকাশই রাখছে না। প্রসেনজিতকে ঘিরে বিগ বসের ঘরে প্রতিযোগী থেকে শোয়ের দর্শক প্রত্যেকের উত্তেজনা একেবারে তুঙ্গে তা বলাই বাহুল্য।
এই সপ্তাহে তাহলে কেউ এলিমিনেট হবেন না? শোনা যাচ্ছে বিশেষ অতিথি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্যই এলিমিনেশনের পর্ব নাও থাকতে পারে। বিগ বসের ঘরে প্রতিনিয়ত কী ঘটছে তা এখন শোয়ের দর্শকের পাখির চোখ। রবিবার কী ঘটতে চলেছে তা ঘিরে যে বাড়তি উন্মাদনা তৈরি হবে সে কথা বলাই বাহুল্য। শুধু সাধারণ দর্শকই নয়, বিগ বস নিয়ে তুমুল উত্তেজনা, আলোচনা টলিপাড়ার অন্দরেও।বিগ বসের ঘরে সৌরভ এসে কী করবেন, প্রতিযোগীদের সঙ্গে কী কথা হবে সেদিকেই নজর থাকবে দর্শকের। টলিউডের অভিভাবক হিসেবেই পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাজবীরকে ঘিরে নন্দিনী আর অনুষ্কার বিবাদ মেটাতে কোনও বিশেষ ভূমিকা পালন করবেন? তা নিয়েও কৌতুহলী শোয়ের দর্শক। সবমিলিয়ে বিগ বসের ঘরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতির জল্পনা ঘিরে বাঙালির ড্রইং রুমে জোর চর্চা।