নিজের সংসদীয় এলাকায় গেলে আদালতের নির্দেশ মতো পুলিশি নিরাপত্তা পাচ্ছে না মহুয়া মৈত্র
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের উপর এখনও নিয়ম করে ডিম থেরাপি চলেছে। এই নিয়ে পুলিশের কাছে ও পরে আদালতে যান মহুয়া। বুধবার আদালত নতুন করে নির্দেশ দেন। নির্দেশে আদালত বলেন, এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে (Home Ministry) যুক্ত করতে হবে। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রককে এই মামলায় যুক্ত করতে হবে। এদিন আদালতে মহুয়া মৈত্রের তরফে অভিযোগ জানানো হয়, নির্দেশের পরেও সবসময়ের জন্য পিএসও পাচ্ছেন না সাংসদ মহুয়া মৈত্র। জানা গিয়েছে, এক্স ক্যাটাগরিতে নিরাপত্তা দেওয়ার কথা মহুয়া মৈত্রের। আদালতের নির্দেশ মহুয়া যখনই নিজের সংসদীয় এলাকায় যাবেন, তখন তিনি ব্যক্তিগত নিরাপত্তা পাবেন।
যদিও আদালতে মহুয়ার আইনজীবী অর্ক নাগ জানান, খাতায় কলমে পিএসও দেওয়ার কথা থাকলেও মহুয়ার সঙ্গে সবসময় থাকেন না। এই সংক্রান্ত হলফনামা জমাও দেওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, আদালতে বিষয়টি জানাতে হবে, প্রয়োজনে পিএসও পরিবর্তন করতে হবে। নিজের কেন্দ্রে গেলেই ডিম, আলু, পাথর ছোড়া হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন মহুয়া। নদিয়ার চাপড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে যোগ দিতে গিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল মহুয়াকে। তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান একদল বিক্ষোভকারী।
