মহালয়ার দিন ইডেনে কি হতে চলেছে? - জানালেন শুভেন্দু
আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এবার কোনো কার্নিভাল নয়, কিন্তু খুবই আড়ম্বারের সঙ্গে মহালয়ার দিন ইডেন গার্ডেনে পুজোর উদ্বোধন হবে। মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বড় অনুষ্ঠান। ঠিক কী কী হবে? আভাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। থাকছে বিশেষ আয়োজন। শুধু গান-বাজনা নয়, থাকবে বাংলার লোকসংস্কৃতির নানা অনুষ্ঠানও। অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে ড্রোন শো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৩,০০০ ড্রোনের মাধ্যমে আকাশে মা দুর্গার আগমন দেখানো হবে। শনিবার বিধাননগরের পূর্বশ্রী প্রেক্ষাগৃহে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই আসন্ন মহালয়ার কর্মসূচির কথা জানান। সাধারণ মানুষকে মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে আসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, এ বার মহালয়ার দিনই বড় করে মা দুর্গাকে বরণ করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বলেন, 'আমরা কার্নিভাল করছি না, আমরা মহালয়ার দিন মাকে আগমনীর মধ্য দিয়ে বরণ করবো।'
শুভেন্দুর জানিয়েছেন, মহালয়ার অনুষ্ঠানে বাংলার সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। গোটা ইডেন গার্ডেন্স জুড়ে থাকবে ঢাকের বাদ্যি। বাজবে শাঁখ। থাকবে নাচের অনুষ্ঠানও। বাংলার লোকসংস্কৃতির বিভিন্ন ধারাকেও অনুষ্ঠানে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।বিশেষভাবে থাকবে ছৌ নৃত্য। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীদেরও অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তাঁর কথায়, দার্জিলিং থেকে পুরুলিয়া পর্যন্ত বাংলার বিভিন্ন এলাকার লোকশিল্পীদের অনুষ্ঠানে রাখার চেষ্টা করা হচ্ছে। লোকগানের শিল্পীরাও থাকবেন। পাশাপাশি বাংলার সুপরিচিত শিল্পীদেরও অনুষ্ঠানে যোগ করার চেষ্টা চলছে। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ড্রোন শো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩,০০০ ড্রোনের মাধ্যমে আকাশে মা দুর্গার আগমনের দৃশ্য দেখানো হবে। অর্থাৎ মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে একদিকে থাকবে ঢাক, শাঁখ, গান ও নাচ। অন্যদিকে আকাশে ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে দেবীর আগমনের দৃশ্য।