কড়া পুলিশি নিরাপত্তা দিয়েই শুরু হলো তৃতীয়ার দুর্গাপুজো
শুরু হয়ে গেলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। দ্বিতীয়াতেই বহু প্যান্ডেলে উদ্বোধন হয়ে গেছে। তৃতীয়ায় কলকাতার আরো কিছু প্যান্ডেলে উদ্বোধন হবে। আজ মুখ্যমন্ত্রীর মেগা অনুষ্ঠান। কলকাতায় এবার ৪০০-রও বেশি পুজো বেড়েছে। এই বছর পুজোর সংখ্যা ২,৯৮১টি। আজ, মঙ্গলবার তৃতীয়া থেকেই রাস্তায় থাকছে বাড়তি পুলিশি নিরাপত্তা। যদিও বুধবার, চতুর্থীর বিকেল থেকে পুরোদমে পুলিশ নামছে রাস্তায়। ভিড় সামলাতে কী কী পদক্ষেপ করছে লালবাজার?লালবাজার সূত্রে জানানো হয়েছে, এই বছর সব থেকে বেশি পুজো হচ্ছে এসএসডি বা যাদবপুর ডিভিশনে। এখানে পুজোর সংখ্যা ৬৮৫টি। এরপরেই রয়েছে এসডব্লুডি বা বেহালা ডিভিশন। এখানে ৫৯৮টি পুজো হচ্ছে। পূর্ব কলকাতায় ৩৩৫, উত্তর কলকাতায় ৩১২, দক্ষিণ কলকাতায় ২৫৮, দক্ষিণ পূর্ব কলকাতায় ২০৮, ইস্ট ডিভিশনে ১৯৩, মধ্য কলকাতায় ১২৮টি, বন্দর এলাকায় ১১৬টি পুজো হচ্ছে। ভাঙড় ডিভিশনে পুজোর সংখ্যা ১৪৮।
২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিসর্জন। মধ্য কলকাতার কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার, অ্যালেন পার্ক-সহ দক্ষিণ কলকাতার কয়েকটি বড় পুজো মণ্ডপে জোরদার পুলিশি ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি বড় পুজো মণ্ডপের কাছে পুলিশ পিকেট বসানো হচ্ছে। পুজোর ভিড় সামলানোর সঙ্গে সঙ্গে যাতে মণ্ডপ থেকে বেরিয়ে সঠিক রাস্তা দিয়ে অন্য মণ্ডপে পৌঁছতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে পুলিশকর্মীদের। বিকেল চারটে থেকে পুলিশকর্তা ও আধিকারিকরা পুলিশকর্মীদের নিয়ে রাস্তায় নামবেন। তাঁদের সঙ্গে থাকবেন প্রায় ২০ হাজার ভলান্টিয়ার। দর্শনার্থীদের রাস্তা পার হতে যাতে অসুবিধা না হয় ও রাস্তায় যাতে যান চলাচল মসৃণ থাকে, সেই ব্যবস্থা করা হচ্ছে। বহু দর্শনার্থীই দিনের বেলায় তথা অনেক সকাল থেকেই ঠাকুর দেখা শেষ করে বিকেলের মধ্যে বাড়ি বা নিজের পাড়ায় ফিরে আসেন। তাই দিনের বেলায়ও শহরের বড় মণ্ডপগুলিতে থাকতে পারে দর্শনার্থীদের ভিড়। তাই দিনের বেলায় দর্শনার্থীরা মণ্ডপ দর্শন করতে এলেও যাতে সমস্যায় না পড়েন, সেজন্য শহরের ২৭টি মণ্ডপে দিনের বেলায় থাকছে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা।
