অফবিট
একেই বলে ভাগ্য! সেকেন্ড হ্যান্ড সোফায় লুকিয়ে বহুমূল্য রোলেক্স ঘড়ি, রাতারাতি কোটিপতি মহিলা
হঠাৎ, রাতারাতি জীবন বদলে যাবে, লটারি পাওয়ার মতো! ছেঁড়া কাঁথায় শুয়ে এমন লাখ টাকার স্বপ্ন কে না দেখে। কিন্তু তা তো আর বাস্তবে ঘটে না। কিন্তু কানাডার এক মহিলার জীবন যেন গল্প হলেও সত্যি! শহরের একটি ‘সেকেন্ড হ্যান্ড’ ফার্নিচারের দোকান থেকে একটি সোফা কিনেছিলেন তিনি। সস্তার জিনিস। যদিও বছর চারেক বাদে ওই মহিলা আবিষ্কার করেন, তার ভিতরেই লুকিয়ে রয়েছে সোনায় মোড়া ভবিষ্যৎ— একটি বহুমূল্য রোলেক্স ঘড়ি। পরবর্তীকালে যা নিলামে বিক্রি করে কার্যত কোটিপতি হয়ে যান তিনি। পুরোনো জিনিসপত্রের দোকান থেকে মাত্র ২৫ ডলারে (২ হাজার ৩৪২ টাকা) একটি পুরোনো সোফা কিনেছিলেন মহিলা। বৈঠকখানায় স্থান হয় সোফাটির। এর মধ্যে প্রায় চার বছর কেটে যায়। একদিন হঠাৎ তাঁর মোবাইল ফোনটি সোফার কুশনের ফাঁকে পড়ে যায়। সেই ফোন খুঁজতে গিয়ে কুশনের ভেতরে হাত দিয়ে চমকে ওঠেন। ভিতরে কী? শেষ পর্যন্ত একটি পুরোনো হাতঘড়ি খুঁজে পান কানাডার বাসিন্দা মহিলা।
এই ঘটনাও অবশ্য সাধারণ। একটি ঘড়ি তো আর কারও ভাগ্য বদলে দিতে পারে না। তাহলে? আসলে ঘড়িটি মোটেই কোনও সাধারণ ঘড়ি ছিল না। সেটি ছিল ১৯৬৬ সালের অত্যন্ত বিরল মডেলের একটি রোলেক্স (Rolex Paul Newman Daytona) ঘড়ি। এই মডেলের সময় পরিমাপক যন্ত্র বিশ্বজুড়ে ঘড়ি সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান। সবচেয়ে বড় কথা, সোফার নিচে অবহেলায় পড়ে থাকা সত্বেও বিরল মডেলের ঘড়িটি চমৎকার সচল অবস্থায় ছিল। পরবর্তীতে ঘড়ি বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করে জানা যায়, এর মূল্য আকাশছোঁয়া। শেষ পর্যন্ত ওই মহিলা ঘড়িটি প্রায় ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ১২৫ টাকা) মূল্যে নিলামে বিক্রি করেন!
