পূর্ব মেদিনীপুরে চালু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের 'অমৃত সরোবর’ প্রকল্প
কোনো দেশের উন্নয়নের সঙ্গে অবধারিতভাবে যুক্ত সেই দেশের জলের ব্যবস্থা। সেই কথা মনে রেখে কেন্দ্র চালু করে 'অমৃত সরোবর’ প্রকল্প। শুধু তাই নয়, এই প্রকল্পের আওতায় স্কুলগুলিকেও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের জেলা স্কুলশিক্ষা দপ্তরের একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। এরপরেই এই বিষয়ে শুরু হয়েছে জোর চর্চা। কিন্তু কী এই প্রকল্প? দপ্তর সূত্রে খবর, যে সব স্কুলের পুকুর-সহ এক একরের বেশি জমি রয়েছে, সেগুলিকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আবেদন জানাতে বলা হয়েছে। জানা গিয়েছে, ওই বিজ্ঞপ্তি অনুযায়ী পঞ্চায়েত প্রধানকে স্কুলগুলির অতিরিক্ত শ্রেণিকক্ষ, আলোচনাকক্ষ, সীমানা প্রাচীর, সাইকেল স্ট্যান্ড, রান্নাঘর ও শৌচাগার-সহ বিভিন্ন পরিকাঠামোগত চাহিদার কথাও জানাতে বলা হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে। মূলত পঞ্চায়েত এলাকায় থাকা স্কুলগুলিতেই এই প্রকল্পের সুবিধা বেশি করে নিতে পারবে।
দপ্তরের আধিকারিকদের কথায়, নয়া প্রকল্প স্কুলগুলিতে শুরু হলে একদিকে যেমন পরিবেশ ঠিক থাকবে, তেমনই বাস্তুতন্ত্রের সংরক্ষণও হবে। উল্লেখ্য, ২০২২ সালে কেন্দ্রীয় সরকার অমৃত সরোবর প্রকল্প চালু করে। প্রতিটি জেলায় অন্তত ৭৫টি জলাশয় তৈরি বা পুরনো জলাশয় সংস্কার এই প্রকল্পের মাধ্যমে করা হবে। এজন্য অর্থও বরাদ্দ করা হবে। শুধু জলাশয় তৈরি কিংবা সংস্কার নয়, এর পাশাপাশি জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি, বৃক্ষরোপণ এবং মাছ চাষের মতো বিষয়গুলিকেও এই প্রকল্পের মাধ্যমে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
