অসমের কাজিরাঙায় মর্মান্তিক পথ দুর্ঘটনা- মৃত কমপক্ষে ২৩
অসমের কাজিরাঙ্গায় মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। পথ দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের বের করে আনতে বেগ পেতে হয় তাঁদের। কাজিরাঙার কাছে রঙ্গাজন এলাকায় এদিন এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে আসা মিনিবাসটি মুখোমুখি ধাক্কা মারে কন্টেনার ট্রাকটিকে। সংঘর্ষে মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মিনিবাসের বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। জানা গিয়েছে, মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁও যাচ্ছিল। গোলাঘাটের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ স্বপ্ননীল ডেকা বলেন, “আমরা প্রাথমিকভাবে রিপোর্ট পাই, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছে আমরা যাত্রীদের মিনিবাস থেকে বের করে আনি। বাস থেকে দেহও উদ্ধার হয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়বে।”
গোলাঘাটের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ আরও জানান, “মিনিবাসটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল। পার্কের সামনে গাড়ির যে গতি বেঁধে দেওয়া রয়েছে, তার চেয়ে বেশি গতিতেই যাচ্ছিল। আমাদের মনে হয়, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার জেরেই কন্টেনার ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষ হয়।” কাজিরাঙায় দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “কাজিরাঙার কাছে দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই ক্ষতির ব্যাপকতা আমাদের সকলকে নাড়া দিয়েছে এবং যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার গভীর সমবেদনা রইল। কোনও কথাই তাদের বেদনা লাঘব করতে পারবে না। কিন্তু আমি তাদের জানাতে চাই যে তারা একা নন। এই শোকের মুহূর্তে সমগ্র অসম তাদের পাশে আছে।”
