Type Here to Get Search Results !

চিনের ‘ঘাড়ে চেপে’ মহাকাশে উড়ান পাক নভশ্চরের, অন্তরীক্ষে বিশেষ হালাল খাবারের ব্যবস্থা

 আন্তর্জাতিক 


চিনের ‘ঘাড়ে চেপে’ মহাকাশে উড়ান পাক নভশ্চরের, অন্তরীক্ষে বিশেষ হালাল খাবারের ব্যবস্থা




  বহু দশকের প্রতীক্ষার ফসল। অবশেষে পাকিস্তানে শুরু হল মহাকাশ যুগ। ভারতীয় সময় ভোর ৫টা ৪৮ মিনিটে গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ‘লং মার্চ ২এফ’ রকেটে ‘শেনঝৌ’ মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দিলেন পাক নভশ্চর (Pakistani Astronaut) মহম্মদ জিশান আলি। তাঁর সঙ্গে ছিলেন দুই চিনা মহাকাশচারী তাং হংবো এবং ইউ ই। ‘শেনঝৌ’ নিরাপদে তার পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করেছে। চিনা কর্মকর্তারা এই উৎক্ষেপণকে ‘সম্পূর্ণ সফল’ বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, চিনের ‘তিয়ানগং’ মহাকাশ স্টেশনে থাকবেন জিশান। প্রায় একসপ্তাহ ধরে মাইক্রোগ্র্যাভিটি বা অতি-মাধ্যাকর্ষণহীন পরিবেশে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। অংশ নেবেন শিক্ষামূলক কার্যক্রমেও। আপাতভাবে এই বিষয়টি ততটা অভিনব না হলেও পাকিস্তানের মতো দেশের কাছে এই সাফল্য নিশ্চিতভাবেই এক বিরাট প্রাপ্তি। খুব কম দেশের নাগরিকরাই পৃথিবীর কক্ষপথে ভ্রাম্যমাণ মহাকাশ স্টেশনে থাকার কৃতিত্ব অর্জন করেছেন। 


  এবার সেই সব দেশের তালিকায় নিজের নাম তুলতে সক্ষম হল পাকিস্তান। তবে এই অভিযানের জন্য পাকিস্তানকে চিনের সাহায্য নিতে হয়েছে পুরোপুরি। কারণ মহাকাশে মানুষ পাঠানোর মতো নিজস্ব কোনও রকেট বা মহাকাশযানই নেই প্রতিবেশী দেশটির। এমনকী স্পেস স্টেশনে জিশানের খাওয়াদাওয়ার প্রতিও বিশেষ যত্ন নিয়েছে পাক-বন্ধু চিন। হালাল খাবার সরবরাহ করা হবে তাঁকে। তাঁর দুই চিনা সঙ্গীর মধ্যে তাং হংবো এই মিশনের কমান্ডিং অফিসার। বলে রাখা ভালো, ২০২৯ সালে চাঁদে যাওয়ার পরিকল্পনা পাকিস্তানের। পৃথিবীর একমাত্র উপগ্রহে নামবে ‘জিন্না-১’। তবে এই অভিযানও হবে পরস্মৈপদী। অর্থাৎ চিনের ঘাড়ে ভর দিয়েই আপাতত মহাকাশ অভিযান করতে চায় ইসলামাবাদ। কেননা পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এখনও পর্যন্ত স্বাবলম্বী হয়ে কোনও উপগ্রহই পাঠাতে পারেনি। সুতরাং, নিজেদের ক্ষমতায় যে তা সম্ভব নয়, তা ভালোই জানে পাকিস্তান। এমনিতেই পরমাণু গবেষণা থেকে প্রযুক্তি- সবেতেই চিনই পাকিস্তানের ভরসা। এবার তারা ‘মেড ইন চায়না’ হয়েই মহাকাশেও নানা মাইলফলক ছুঁতে চায়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.