ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে বদ্রীনাথ
হিমবাহ গলছে। বিপদ বাড়ছে হিমালয়ের মানুষ ও বিভিন্ন মন্দিরের। এবার সংকটের মুখে দেবভূমি বদ্রীনাথ। হিমালয়ের পাহাড়ের কোলে ঝুলে থাকা হিমবাহ থেকে যে কোনও সময় নেমে আসতে পারে ভয়াবহ বরফধস। আর তাতে বিপদের মুখে পড়তে পারে বদ্রীনাথ শহরের কয়েকশো বাড়ি এবং একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো। সম্প্রতি প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণায় এমনই সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা। আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন তাঁরা। সম্প্রতি বদ্রীনাথে তুষারধসের সম্ভাবনা নিয়ে করা একটি গবেষণায় (Vulnerability Assessment of Hanging-Glacier Avalanches in Badrinath Township, Central Himalayas, India)-এই তথ্য উঠে এসেছে। মূলত বদ্রীনাথ শহরের আশপাশে থাকা তিনটি ঝুলন্ত হিমবাহকে কেন্দ্র করে এই গবেষণা করা হয়েছে। উপগ্রহ চিত্র থেকে পাওয়া তথ্য এবং বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে গবেষকরা বোঝার চেষ্টা করেছেন, কোন জায়গা থেকে বরফ ভেঙে নীচে নেমে আসতে পারে এবং কতটা বরফ ধসের আকার নিতে পারে।
এরপর বরফধসের গতিপথ ও তার প্রভাব বুঝতে ব্যবহার করা হয়েছে র্যাপিড মাস মুভমেন্ট সিমুলেশন (Rapid Mass Movement Simulation) মডেল। এই মডেলের সাহায্যে বরফধসের গতিবিধি কম, মাঝারি এবং বেশি গতি-তিনটি পরিস্থিতিতে পরীক্ষা করা হয়েছে। গবেষণায় চিহ্নিত তিনটি জায়গার মধ্যে দ্বিতীয় স্থান(Site 2)-কে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন গবেষকরা। এখানে বরফধসের গতিশীলতা বেশি হলে তার প্রভাব পড়তে পারে প্রায় ৩৯৮টি বাড়ির উপর। শুধু বসতবাড়িই নয়, ক্ষতিগ্রস্ত হতে পারে ২.৬৬ কিলোমিটার রাস্তা ও পরিবহন পরিকাঠামো-ও।এ ছাড়াও বিপদের মুখে পড়তে পারে ৩.৮৭ হেক্টর কৃষিজমি এবং ১৫.৫৭ হেক্টর বনভূমি। গবেষণায় আরও দেখা গিয়েছে, এই সম্ভাব্য বিপদের এলাকার মধ্যে রয়েছে একটি হেলিপ্যাড এবং একাধিক পার্কিং এলাকা। অর্থাৎ, বরফধস হলে সাধারণ মানুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ পরিষেবা ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
