খুনের মামলায় অভিযুক্তের ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালত
খুনের মামলায় অভিযুক্তের ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্ট। এদিন এই রায় দিয়েছেন বিচারক বিপ্লব রায়। এদিন এই তথ্য দিয়ে সরকার পক্ষের আইনজীবী শুভঙ্কর চন্দ বলেন, ঘটনাটি ঘটেছিল গত ৪ ঠা মার্চ ২০২১ সালে ভক্তিনগর থানার অন্তর্গত মধ্য শান্তিনগর এলাকায়। ওইদিন সকালে এলাকার শংকর দাস বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেতে যাচ্ছিলেন। সেই সময় তাঁর পিসতুতো ভাই সুরেশ রায় পেছন থেকে চাকু নিয়ে অতর্কিত হামলা চালায় শংকরের ওপর।স্থানীয়রাই ছুটে এসে তাকে উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় শংকর দাসকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুরেশকে গ্রেফতার করে। এতদিন অভিযুক্ত বিচারাধীন বন্দী অবস্থায় জেল হেফাজতেই ছিল। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এদিন। উভয় পক্ষের সওয়াল জবাবের পর বিচারক আসামীকে ফাঁসির সাজা দিয়েছেন বলে তিনি জানান। এই বিষয়ে মৃতের ভাই তাপস দাস বলেন, ন্যায় বিচার পেয়েছি। আমার দাদা রাজমিস্ত্রীর কাজ করত। আমরা দিন আনি দিন খাই। দিনে দুপুরে আমার দাদাকে খুন করা হয়েছে। খুনির ফাঁসির সাজা হওয়ায় আমরা খুশি। এদিকে মৃতের আত্মার শান্তি কামনায় ও ন্যায় বিচারের দাবিতে মৃতের বন্ধু প্রণব কুমার দাস ও কয়েকজন ব্যানার নিয়ে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে উপস্থিত হয়েছিলেন।তারা বলেন, এভাবে বন্ধু খুন হওয়ায় আমরা মর্মাহত। খুব কষ্ট করে ওদের সংসার চলত। আজ ন্যায় বিচার পাওয়ায় আমরা খুশি।
