দঃ ২৪ পরগনায় সাপের উপদ্রব বেড়েই চলেছে
এমনিতেই নদী-নালা, জঙ্গলের দেশ দঃ ২৪ পরগনা। বিশেষ করে সুন্দরবন অঞ্চলে সাপ ও বাঘের সঙ্গে তাদের নিত্য সহবাস। এবার সাপের উপদ্রপ গেছে বেড়ে। অবাক করা কাণ্ড! ‘চাঁদ সওদাগর’কেই কামড় দিল বিষধর! কেউটে-সহ অন্যান্য সাপের কামড়ে আক্রান্ত ৪ জন। আক্রান্তদের মধ্যে রয়েছে ‘চাঁদ সওদাগর’ ও এক শিশু। বর্তমানে চারজনই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রামের বাসিন্দা মনোহর হালদার। পেশায় তিনি অভিনেতা। মনসার ভাষান পালা গানে চাঁদ সওদাগরের ভূমিকায় অভিনয় করেন। সেই চাঁদ সওদাগরকেই কামড়ালো সাপ।
মনোহর হালদারের বাঁ হাতে কামড় দিয়েছিল বিষধর কেউটে সাপ। প্রথমে ওঝা-গুণিন। পরে বেগতিক বুঝে হাসপাতাল। ‘চাঁদ সওদাগর’ ওরফে মনোহরের দাবি, শৌচকর্ম করার জন্য মাঠে যেতেই বাঁ-হাতে কেউটে সাপ কামড় দেয়। তবে প্রতিবেশীদের দাবি,মনোহর হালদার মনসার পালাগান করেন জীবন্ত সাপ নিয়ে। সে-ই সাপ কামড় দেওয়ায় জখম হয়েছেন। অন্যদিকে জয়নগরের গোচরণ এলাকার বাসিন্দা অর্পিতা সর্দার। তিনি গর্ভবতী। জানা যায়, তাঁর হাতেও বিষধর কেউটে সাপ কামড় দেয়। তড়িঘড়ি তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ক্যানিংয়ের দাঁড়িয়া গ্রামের বাসিন্দা এক গৃহবধূকেও কেউটে সাপ কামড় দেয়। প্রথমে ওঝা ও পরে হাসপাতালে নিয়ে আসা হয়। জয়নগরের ধোষা গ্রামের বাসিন্দা রাজদীপ মণ্ডল নামে এক শিশুকে সাপে কামড় দেয়। তাকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
