আজকের আবহাওয়া
রাত থেকেই বেশ ঠান্ডা শীতল হাওয়া। মাঝখানে ফ্যান চালু হলেও আবার তা রাতের দিকে বন্ধ হচ্ছে। ফাল্গুন মাসে এমন আবহাওয়া অপ্রত্যাশিত।
এর মধ্যেই শুক্রবার সকালে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার পর্যন্ত তাপমাত্রার সেরকম কোনও তারতম্য হবে না। সপ্তাহের শেষে ফের সামান্য পারদ চড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর আগামী সপ্তাহে ফের আবহাওয়া বদলাবে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে গোটা রাজ্যেই।
চলতি সপ্তাহে হালকা শীতের আমেজ থাকলেও মার্চের মাঝামাঝি সময় থেকেই তা বিদায় নেবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কিছুটা তাপমাত্রা কমতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হবে উত্তরের কিছু জেলায়। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েক জেলায় কুয়াশার প্রভাব থাকবে সকালের দিকে।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার হলুদ সতর্কতা জারি রয়েছে।
