উঃ ২৪ পরগনা
হালিশহরে গাড়ির ডিকিতে গোরু চুরি করে পালালো
এমন অভিনব চুরি আগে কখনো দেখা যায় নি। গাড়ি নিয়ে এসে ডিকিতে করে গোরু চুরি করা! না, হালিশহরে এমন ইতিহাস কেউ স্মরণ করতে পারছেন না। যাত্রী পরিবহণের ছোট চারচাকা গাড়িটি এসে দাঁড়াতেই, খুলে দেওয়া হল পিছনের ডিকি। সেখানেই তোলা হল আস্ত গরু ! শুনতে কিছুটা অবাক লাগলেও, ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এমন দৃশ্যই। গৃহপালিত সেই দামি গরু নিরুদ্দেশ হওয়ায়, এখন তাকে খুঁজে দেওয়ার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দারস্থ খাটাল মালিক। জানা গিয়েছে, হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের এইচ কে ডক্টর রোডের বাসিন্দা সুভাষ যাদবের খাটাল থেকে ওই দামি গরুটি দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়। পুলিশ এবার নেমে পড়েছে গোরু চোর ধরতে। পুলিশের ধারণা দু'এক দিনের মধ্যেই চোর ধরা পড়বে।
খবরে প্রকাশ গোরুটি দড়ি ছিঁড়ে চলে গিয়েছিল। পরে গোরুর মালিক সর্বত্র খোঁজ করে গোরুর সন্ধান না পেয়ে থানায় অভিযোগ জানায়। পরদিন ভোরে জানা যায়, মূল সড়কের পাশ থেকে দুই ব্যক্তি একটি চারচাকা গাড়িতে গরুটিকে তুলে নিয়ে যায়। সেই দৃশ্য ধরা পড়ে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে লাগানো সিসি ক্যামেরায়। ফুটেজ প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় আগে কখনও এ ধরনের চুরির ঘটনা ঘটেনি। হঠাৎ করে কেন এই কাণ্ড ঘটলো বুঝে উঠতে পারছেন না কেউই।
