আগামীকাল দিঘায় যাচ্ছে অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল দিঘা যাচ্ছেন। জগন্নাথ মন্দিরের উদ্বোধন অক্ষয় তৃতীয়ার দুপুরে। কিন্তু এখন থেকেই দিঘা জুড়ে যান নিয়ন্ত্রণের কড়াকড়ি চলছে। ফলে পর্যটকদের ভিড় কমেছে। জগন্নাথ মন্দির উদ্বোধনে দিঘায় পর্যটকদের ঢল নামবে মনে করেছিলেন পর্যটন ব্যবসায়ীরা। কিছু মাথায় হাত পড়েছে দিঘার হোটেল মালিকদের। কারণ দিঘা ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে পুলিশ। যেটা চলবে আগামীকাল ৩০ এপ্রিল পর্যন্ত। তার জেরে পর্যটকদের দিঘায় ঢুকতে অসুবিধা হবে এবং দিঘা থেকে বহু পর্যটককে ফিরতেও ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ। এই আবহে আগামীকাল বুধবার দিঘায় আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার দিঘার সমুদ্রতটে জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠা এবং নব আবাসের দ্বারোদ্ঘাটন হবে। সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকবেন দেশ–বিদেশের বহু পর্যটক। আর সাক্ষী হতে আসছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে পর্যটনের আন্তর্জাতিক মানচিত্রে একদম উপরের দিকে জায়গা করে নিতে চলেছে দিঘার জগন্নাথধাম। যা গতকালই বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিঘার জগন্নাথধামে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে অনুষ্ঠান গোটা সময়ে থাকবেন তিনি বলে সূত্রের খবর।
