ভারত–পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে বাগডোগরায় গ্রেফতার বাংলাদেশের প্রাক্তন গোয়েন্দা
সারা ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে যখন উত্তেজনা চরমে তখন এক বাংলাদেশি প্রাক্তন গুপ্তচরকে গ্রেফতার করলো উত্তরবঙ্গ পুলিশ। ভারত–পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে উত্তরবঙ্গের বাগডোগরা সেনাবাহিনীর ছাউনির কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেল এক বাংলাদেশি নাগরিককে। তৎক্ষণাৎ তাকে আটক করল ভারতীয় সেনা। তারপর চলে লাগাতার জেরা। ওই জেরাতেই ধৃত ব্যক্তি নিজেকে বাংলাদেশের প্রাক্তন গোয়েন্দা অফিসার বলে দাবি করেছেন। যার ফলে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। পহেলগাঁও হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ দেখেছে পাকিস্তান। একদম নির্দিষ্ট লক্ষ্যে হানা দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি। একের পর এক জঙ্গি নিহত হয়েছে। যার সংখ্যা বহু। তারপর ভারতের উপর পাল্টা আক্রমণ করতে গিয়ে দিশেহারা হয়ে গিয়েছে পাক সেনারা। এই আবহে এমন ঘটনা যথেষ্ট উদ্বেগের।
এদিকে সূত্রের খবর, এমএম তরাই এলাকার বাসিন্দারা প্রথমে ওই ব্যক্তিকে দেখতে পান। তারপর ওই ব্যক্তির গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং সেনাবাহিনীকে বিষয়টি জানান। তারপর ব্যাঙডুবি সেনা ছাউনির ৫ এফওডি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ, শনিবার পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত বলে সূত্রের খবর। সেখানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভাল। বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানের জঙ্গি ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার মধ্যেই এমন ঘটনা কপালে ভাঁজ ফেলেছে।
