অফবিট
শুধু ট্রেনে ঘোরাঘুরি করেই কোটি টাকার মালিক বিশাল কাশ্যপ
চমকে দেওয়ার মতো ঘটনা। একটি স্টেশন থেকে ট্রেনে উঠেই পরের স্টেশনে নেমে যেত বিশাল কাশ্যপ। আর তাতেই সে কোটিপতি। জিআরপি লখনউ ট্রেন এবং স্টেশনগুলিতে অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চালাচ্ছে। হারদোই স্টেশনে টহল দিচ্ছিল জিআরপি। সেই সময়, প্ল্যাটফর্ম নম্বর ০৪/০৫ থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। এই ব্যক্তি প্রায়ই স্টেশনে আসতেন এবং যে-কোনও দিকে যাওয়া একটি ট্রেনে উঠে পড়তেন। তিনি প্রতিদিনই এমনটি করতেন।
জিআরপি তাকে অনেকদিন ধরেই নজরে রেখেছিল। কারণ, ব্যক্তি যদি কাজের জায়গায় যাওয়ার জন্য ট্রেন চাপে, তবে সে নির্দিষ্ট দিকের কোনও ট্রেনে চাপবে। কিন্তু সে তা করত না। আজ এই লাইনের ট্রেন তো কাল অন্য লাইনের ট্রেনে উঠে পড়ত। এই সন্দেহজনক আচরণের ভিত্তিতেই তাকে আটক করে জিআরপি।
জিআরপি-র জেরায় ব্যক্তি নিজের নাম বিশাল কাশ্যপ বলে জানায়। বাড়ি উনাও জেলার মোরাবন এলাকায়। তার কাছে একটি দামি মোবাইল ফোন ছিল। প্রথমে সে জিআরপিকে বিভ্রান্ত করতে থাকে। কিন্তু পুলিশের কড়া জেরায় শেষমেশ ভেঙে পড়ে, জানায় সত্যিটা। ধৃত অভিযুক্ত বিশাল কাশ্যপ জানায়,পেশায় সে একজন মোবাইল চোর। প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীদের মোবাইল দেখে সে নিজের টার্গেট ঠিক করত। এরপর সেই টার্গেট অনুযায়ী ট্রেনে উঠত। ট্রেনে ওঠার সময় ভিড়ের সুযোগে সে মোবাইল চুরি করত এবং পরের স্টেশনে নেমে যেত। চুরির মোবাইল বিক্তি করে সে এখনও পর্যন্ত প্রচুর টাকা কামিয়েছে।
