ভ্রমণ
দু'দিনের জন্য ঘুরে আসুন গোবর্ধনপুর সমুদ্র সৈকত
মন চাইছে ধারে কাছে দিন দুয়ের জন্য একটু ঘুরে আসতে। কিন্তু কোথায় যাবেন! যেখানেই যেতে চাইবেন সেখানেই লোকে লোকারণ্য! যারা একটু নির্জনতা পছন্দ করেন, তাঁদের জন্য আদর্শ জায়গা গোবর্ধনপুর সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতে ভিড় তেমন নেই, এছাড়াও জায়গাটি নিরাপদ। সমুদ্রের হাওয়া আপনার গরমের অনুভূতিও কমিয়ে দেবে। সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই পাবেন এখানে। গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার চওড়া।
চারিদিকে রয়েছে ঝাউবন। একেবারে কোলাহলহীন পরিবেশবান্ধব সমুদ্রতটে একবার আপনি পৌঁছে গেলে আর ফিরে আসতে চাইবেন না। এর অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবেই। এই বেলাভূমিতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে গরান, সুন্দরী, হেতালের জঙ্গল। সমুদ্র সৈকতের বড়ো বড়ো ঢেউ। আর এই দ্বীপের নির্জনতা বেলাভূমিকে পরিণত করছে নৈস্বর্গিক ক্ষেত্রে। এই দ্বীপে পৌছতে হলে আপনাকে শিয়ালদহ স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনে পৌঁছতে হবে। কাকদ্বীপ থেকে বাসে পাথরপ্রতিমা। এরপর সেখান থেকে সোজা গোবর্ধনপুর। তাহলে আর দেরি কেন? গুছিয়ে নিন ব্যাগ।
