এমন প্রেমের উদাহরণ খুব কমই দেখা যায়
আনন্দের মতো দুঃখের দিনও দুজন একদম পাশাপাশি আছে। এমন নিদর্শন খুব বেশি পাওয়া যায় না। মানুষ বিয়ের পর দায়িত্ব নেয় একে অপরের। সেই দায়িত্বটা থাকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। প্রায় দু’বছর ধরে এক ভিক্ষাজীবী দম্পতির ভালবাসা, একে অপরের প্রতি প্রেম এবং তাঁদের প্রতিদিনের দিন যাপন সমাজের কাছে দৃষ্টান্ত। দম্পতির মধ্যে স্বামী অন্ধ, স্ত্রীর হাঁটা চলার ক্ষমতা নেই, স্বামীর পায়েও তেমন জোর নেই। কোমরে জোর না থাকায় নুইয়ে পড়েছেন তিনি। তবুও প্রতিদিন ভিক্ষা করে যে সামান্য রোজগার হয়, তা দিয়ে চলে স্বামী-স্ত্রীর সংসার।
বেশ কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিভিন্ন এলাকায় দেখা যায় তাঁদের। ভিক্ষে করে যেটুকু পাওয়া যায় তাতেই চলে সংসার। এই দম্পতির একে অপরের পাশে থাকা এবং তাঁদের নিখাদ ভালবাসাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার সত্যপুর অঞ্চলের ইটাই গ্রামের এই দম্পতি মনে করিয়ে দেন ভালবাসা মানে শুধু হৃদয়ের বাঁধন নয়, বরং তার মানে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে থাকার অঙ্গীকার। ৭০ পেরিয়ে যাওয়া এক বৃদ্ধ, যাঁর চোখে আর আলো নেই। আর তাঁর পাশে ছায়া হয়ে থাকা এক বৃদ্ধা, যাঁর পা চলে না তবু দু’হাতে ভর দিয়ে পথ হাঁটেন।
