বিরাট সাইজের ইলিশ উঠলো পদ্মায়
বর্ষা দোরগোড়ায়। আর কিছুদিনেই ঢুকে পড়তে চলেছে বর্ষারানী। এই বর্ষাকাল মানেই টিপটিপ-ঝিরঝির-ঝমঝম বৃষ্টি। আর এই বৃষ্টির সঙ্গে যোগ্য সঙ্গত দিতে পাতে মাস্ট ইলিশ মাছ। এপার হোক বা ওপার বাংলা, বাঙালির ইলিশসুখে কোনও এপার ওপার নেই। পাতে ইলিশ মানেই বাঙালির সুখ। অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় শুধু তেল দিয়েই। তারপর তো আছেই ইলিশের ভাপা থেকে সর্ষে ইলিশ, কালোজিরে দিয়ে পাতলা ঝোল আর ইলিশের টকের মতো মনোলোভা পদ। এককথায় মাছের রাজা ইলিশ।
আর ইলিশ মানেই পদ্মা মেঘনার সেই বিরল স্বাদের রুপালি শষ্য। যদিও চলতি বছরে এপার বাংলার মানুষ চলতি বছরে পদ্মার ইলিশের স্বাদ কতটা পাবেন তা নিয়ে রয়েছে ঘোরতর সংশয়। তবে এবার বর্ষাকাল পুরোদমে আসার আগেই কিন্তু এখন অনেক মৎস্যজীবীর জালে ধরা দিতে শুরু করেছে বিরাট সাইজের ইলিশ মাছ। মৎস্যজীবীদের মুখে তাই খুশির হাসি ফুটেছে। আর তার মধ্যেই এবার পদ্মার দুই ইলিশ মাছের দাম যা উঠল তা শুনলে আপনারও মাথা ঘুরে যাবে। জানা গিয়েছে, বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মানদীতে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের দু-দুটি ইলিশ। এরপর সেটি খোলা বাজারে নিলাম করা হলে মাছ দুটির দাম কত উঠল বলুন তো শেষমেশ? ১০,৪০০ টাকা। শুনে আকাশ থেকে পড়ছেন তো? কিন্তু এটাই সত্যি। ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে মাছদুটি।
