উঃ ২৪ পরগনা
ফের ভয়ঙ্কর দুর্ঘটনা কল্যাণী এক্সপ্রেসওয়েতে
নতুনরূপে সেজে উঠেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। বিশাল ঝকঝকে সিক্স লেন রাস্তা। সেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় গুরুতর আহত পাঁচ জন। বৃহস্পতিবার ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, বাসুদেবপুর থানার মথুরাপুর এলাকার কাছে গাড়িদু’টি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে বিএন বসু মহকুমা হাসপাতালে। গত কয়েকদিন ধরে লাগাতার দুর্ঘটনার খবর মিলছে ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়েতে।
প্রশাসনের একাধিক পদক্ষেপ সত্ত্বেও দুর্ঘটনার হারে কিছুতেই লাগাম পড়ানো যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়ি কল্যাণীর দিক থেকে দমদম বিমানবন্দরের দিকে যাচ্ছিল। অন্য গাড়িটি বিপরীত দিক থেকে আসছিল। চওড়া রাস্তা হওয়ায় দুটি গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। দুর্ঘটনায় গুরুতর আহত হন ৫ জন। তাঁদের উদ্ধার করে ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে, গাড়িচালকদের আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।
