স্রেফ সবুজকে ভালোবেসে পূর্বের দুটি পেশাকে দূরে সরিয়ে দেশী বিদেশী রকমারি ফলের বাগান গড়ে তুলে তাক লাগিয়েছেন সুশান্ত বাবু
স্রেফ সবুজকে ভালোবেসে পূর্বের রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রির পেশাকে দূরে সরিয়ে রেখে দেশী বিদেশী রকমারি আকর্ষণীয় ফলের বাগান গড়ে তুলে রীতিমতো তাক লাগিয়েছেন সুশান্ত মন্ডল৷ বীরভূমের সদর শহর সিউড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে রাজনগর ব্লকের পদমপুরে নিজের বাড়ির ছাদে ছাদবাগান, বাড়ির অঙ্গণে অনেকটা জায়গা জুড়ে ফলের বাগান গড়ে তুলেছেন একক প্রচেষ্টায়৷ সম্প্রতি বাড়ির সীমানা প্রাচীর লাগোয়া বেশ কয়েক কাঠা জমিতে তিনি একটি নার্সারি গড়ে তুলেছেন৷
সুশান্ত বাবুর দিনের অধিকাংশ সময় কাটে সবুজের মাঝে৷ তাঁর স্ত্রী গৌতমী মন্ডল একজন গৃহবধূ৷
তিনিও কিছুটা সহযোগিতা করেন৷ দেশ বিদেশের বহু প্রজাতির ফলের গাছ রয়েছে এখানে৷ মিয়াজাকি সহ কয়েক প্রকার আম, কালো পেয়ারা, বিদেশী সফেদা, জামরুল, মুজফ্ফরপুরের লিচু, লেবু, রেড বাতাবি, ডালিম বা বেদানা কি নেই বাগানে! ছাদবাগানে টবে একটি ডালিম তথা বেদানা গাছে প্রায় ৫০ টি ডালিম ধরেছে৷ একটি আমগাছেই বহু প্রজাতির আম ফলিয়ে দেখিয়েছেন তিনি বিশেষ পদ্ধতিতে৷ যা দেখে রীতিমতো বিস্মিত অনেকে৷ রয়েছে ফুলের গাছ, সব্জী চাষও করেছেন জৈব সারের মাধ্যমে৷
সুশান্ত বাবু বলেন, আমার বাগানে ফল ও ফলের গাছ দেখার পর নার্সারি থেকে কেউ ফলের চারা কিনতে চাইলে নিশ্চিত ভাবে কিনতে পারেন৷ উচিৎ সুলভ মূল্যে উন্নত মানের প্রকৃত গাছের চারা পেয়ে যাবেন৷ অনেকেই আসছেন তাঁর ফলের বাগান, নার্সারি দেখতে৷ চারা কিনেও নিয়ে যাচ্ছেন৷
রাজনগর — সিউড়ি রুটে পদমপুরে পাকা রাস্তার পাশেই তাঁর বাড়ি ও নার্সারি৷ তিনি সকলকে স্বাগত জানাচ্ছেন৷
প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগের মোঃ 97342 32343.
(রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)
