আবাস যোজনা, বৃদ্ধা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ি থেকে চুরি: মাথায় হাত দরিদ্র পরিবারের
মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম:- আবাস যোজনা, বৃদ্ধা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা ব্যাঙ্ক থেকে তুলে বাড়িতে রেখেছিলেন রাজনগর থানা ও ব্লকের আড়ালী গ্রামের একটি দরিদ্র পরিবার৷
বাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন৷ কিন্তু রাতের অন্ধকারে বাড়ি থেকে সেই টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় কে বা কারা৷
ঘটনার জেরে মাথায় হাত দরিদ্র পরিবারটির৷ জানা গিয়েছে, রাজনগর থানার আড়ালীর বাসিন্দা বৃদ্ধা হিঙ্গুলী বাদ্যকর ও তাঁর প্রতিবন্ধী পুত্র বাউল বাদ্যকরের বাড়ি থেকে টাকা চুরি হয়েছে বলে অভিযোগ৷ আবাস যোজনার টাকা, বৃদ্ধা ভাতা ও প্রতিবন্ধী ভাতা মিলিয়ে মোট প্রায় ৩৪ হাজার টাকা রাত্রে চুরি হয়ে যায় বলে পরিবারের সদস্যদের অভিযোগ৷
বিষয়টি জানতে পেরে প্রতিবেশী, বাসিন্দা ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁদের বাড়িতে যান খোঁজ খবর নিতে৷ তাঁদের সামনে কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধা ও তাঁর প্রতিবন্ধী ছেলে৷
স্থানীয় জনপ্রতিনিধি ও কয়েকজন রাজনীতিক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক৷ থানাকে এবিষয়ে অবগত করা হয়েছে বলে একজন জনপ্রতিনিধি এই প্রতিবেদককে জানান৷
স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেন, আমরা পুলিশের কাছে দাবী রাখছি বিষয়টি সহানুভূতির সঙ্গে তদন্ত করে দোষীদের ধরার এবং গরিব পরিবারটির টাকা উদ্ধার করার৷
